২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে স্কুলছাত্র খুনের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জে স্কুলছাত্র সিয়াম হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 07:28 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার সকালে সিয়ামের বাবা মোস্তফা মাদবর বাদী হয়ে ফতুল্লার মাসদাইর এলাকার ফারুক মন্ডলের ছেলে মেহেদী মন্ডলকে আসামি করে এ মামলা দায়ের করেন।

এদিকে, রোববার দুপুরে স্কুল প্রাঙ্গণে সিয়ামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক ও সহপাঠীরা। এ সময় তারা কালো ব্যাজ ধারণ করেন।

শুক্রবার সন্ধ্যায় শহরের মাসদাইরে বাড়ির পাশের মাঠে ব্যাডমিন্টন খেলতে গিয়ে সিয়াম নিখোঁজ হয় স্থানীয় আদর্শ স্কুলের ৪র্থ শ্রেণির এই ছাত্র। শনিবার মুন্সিগঞ্জের হাতিমারায় তার লাশ পাওয়া যায়। সিয়াম ওই এলাকার মোস্তফা মাদবরের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আলম সাংবাদিকদের জানান, সিয়ামের বাবা মোস্তফা মাতবর বাদী হয়ে একই এলাকার মেহেদী মন্ডলকে আসামি করে রোববার ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে মেহেদী মন্ডল হত্যা করে থাকতে পারে বলে মামলায় অভিযোগ করা হয়।

রোববার দুপুরে সিয়ামের বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চলাকালে স্কুলের  প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, “সিয়াম হত্যাকাণ্ডে আমাদের কোলের এক শিশু ঝড়ে গেল। এই খুনের ঘটনায় পুরো স্কুলে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমরা সিয়াম হত্যাকারীদের বিচার চাই।”