যমুনায় পড়া ট্রেন ইঞ্জিন তিনদিনেও উদ্ধার হয়নি
জামালপুরের বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে পড়ে যাওয়া ট্রেনের ইঞ্জিন তিন দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি।
শুক্রবার দুপুরে ট্রেনের একটি ইঞ্জিন রেল ফেরিতে ওঠানোর সময় যমুনা নদীতে পড়ে যায়। ইঞ্জিনটি মেরামতের জন্য ঢাকা থেকে পার্বতীপুর নেয়া হচ্ছিল।
এদিকে কর্তব্যে অবহেলার দায়ে বাহাদুরাবাদ রেল ফেরির ডেক সারেং বুলু রাম, দুর্ঘটনা কবলিত ইঞ্জিনের চালক নবাব আলী ও সহকারী চালক আবু হানিফকে বরখাস্ত করা হয়েছে বলে জানান রেলের তিস্তামুখ ঘাটের মেরিন সুপারিনটেনডেন্ট মোস্তফা জাকির হাসান।
৭২ টন ওজনের ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছলেও তা উদ্ধার করতে পারেনি। তাই ইঞ্জিনটি উদ্ধারে বিআইডব্লিউটিএ-এর সহায়তা চাওয়া হয়েছে।
এদিকে ধীরে ধীরে যমুনার গর্ভে ডুবে যেতে থাকা ইঞ্জিনটির আশপাশে বালির বস্তা, বাঁশ, চাটাই দিয়ে পতন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।
বাহাদুরাবাদ ঘাটের মেরিন ইন্সপেক্টর মাজেম আলী জানান, রেলের বিভাগীয় প্রকৌশলী লিয়াকত আলীসহ তিন সদস্যর একটি তদন্ত দল রেল ইঞ্জিন পড়ে যাওয়ায় ঘটনা তদন্ত করছেন।
