জুতার আঠায় নেশা, তরুণের মৃত্যু
মাদারীপুরের শিবচরে জুতার আঠায় নেশা করার পর মৃত্যু হয়েছে এক তরুণের।
শনিবার রাতে মৃত ট্রাক শ্রমিক সজীব বেপারি (১৬) শিবচর ইউনিয়নের চরশ্যামাইলের দিনমজুর মিন্টু বেপারির ছেলে।
শিবচর থানার ওসি মাসুদউদ্দিন জানান, শনিবার রাতে কাজ শেষে সজীব শিবচর পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে খালু হারুন কাজীর বাসায় ঘুমাতে যান। ওখানে খালাতো ভাইদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে তিনি বাইরে যান।
স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, সজীব বাইরে গিয়ে জুতা ও কাঠে ব্যবহারের এক জাতের আঠা পলিথিনে নিয়ে তারপর শ্বাস টেনে নেশা করেন।
এরপর ঘরে ফিরে সজীব অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে।
গভীর রাতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, সজীবের পকেট থেকে হলুদ রংয়ের এই আঠালো পদার্থের একটি টিউব, পলিথিন ও তিনটি কনডম উদ্ধার করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবচর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
