বোন-ভগ্নিপতিকে পুড়িয়ে হত্যা
নাটোরের লালপুর উপজেলায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে বোন ও ভগ্নিপতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে।
শনিবার ভোরের দিকে উপজেলার কুজিপুকুর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই গ্রামের হাবিবুর রহমান (৫৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৪৩)।
লালপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, হাবিবুর রহমান প্রায় ১৫ আগে কুজিপুকুর চরপাড়া গ্রামে শ্বশুর বাড়ি পাশে বাড়ি বানিয়ে থাকতেন। ওই সময় থেকে জমি জমা নিয়ে স্ত্রীর ভাই ইব্রাহিম ও আক্কাসের সঙ্গে বিরোধ শুরু হয়।
বিষয়টি নিয়ে বেশ কয়েক বার শালিসও হয়। বিরোধ নিস্পত্তিতে সোমবার আবারও শালিস বসার কথা ছিল। শনিবার ভোরে ইব্রাহিম, আক্কাস, বেলাল ও বাবু জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঢুকে। শব্দ পেয়ে সুফিয়া ও হাবিবুরের ঘুম ভেঙে গেলে তারা আচমকা বেদম মারপিট শুরু করে। এক পর্যায়ে তারা সুফিয়া ও হাবিবুরের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ দম্পতির মেয়ে ফাতেমা বেগম বলেন, “আমার মামারাই আব্বা ও মাকে পুড়িয়ে মারছে। শুধু জমি জায়গার জন্য তারা এই জঘন্য কাজ করেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ওসি মতিয়ার রহমান বলেন, হাবিবুরের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর সুফিয়ার লাশ রাজশাহীর রাজপাড়া থানার অধীনে সেখানেই ময়নাতদন্ত করা হবে।
পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও ওসি জানান।
