ছয় মেয়রকে এমপির ওপর মর্যাদা দিতে অর্থমন্ত্রীর চিঠি
ছয় সিটি করপোরেশনের মেয়রদের সংসদ সদস্যের ‘ওপরে’ পদমর্যাদা দেয়ার অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রীসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে স্থানীয় সরকার বিভাগের সচিব বলছেন, এই ধরনের কোনো উদ্যোগ তাদের নেই।
মহাজোট সরকার দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মন্ত্রী এবং অন্য সিটি করপোরেশনের মেয়ররা প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে আসছিলেন।
তবে এরপর ঢাকা বাদে অন্য সিটি করপোরেশন নির্বাচনগুলোতে বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থীরা বিজয়ী হওয়ার পর কাউকে প্রতিমন্ত্রী মর্যাদা দেয়নি।
চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও রংপুরের মেয়রদের সাংসদদের ওপরের মর্যাদা দেয়ার অনুরোধ জানিয়ে গত ১৮ নভেম্বর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে চিঠি দেন মুহিত।
ওই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও স্থানীয় সরকার বিভাগের সচিবকেও দেয়া হয়েছে, যার একটি কপি হাতে পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
চিঠিতে বলা হয়, অধুনা খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও গাজীপুরে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। কয়েকটি এলাকাকে মহানগরের মর্যাদা দেয়া হয় এবং সেখানে মেয়র নির্বাচিত হয়েছেন (যথা- কুমিল্লা ও নারায়ণগঞ্জ)।
“ঢাকা ছাড়া অন্যান্য মহানগরের প্রাক্তন মেয়ররা প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। নতুন মেয়রদের সে রকম কোনো মর্যাদা নেই। তার ফলে তারা এখন শুধু মাননীয় সংসদ সদস্য ও সচিবদের নিচে অবস্থান পেয়েছেন।”
বর্তমানে মেয়রদের এই অবস্থান যথোপযুক্ত নয় উল্লেখ করে চিঠিতে মুহিত বলেন, অন্তত চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও রংপুরের মেয়রদের কিছুটা উচ্চতর পদমর্যাদা দেয়া উচিত।
“আমার মনে হয় যেহেতু মহানগরের মেয়ররা মাননীয় সংসদ সদস্যদের চেয়ে বড় নির্বাচনী এলাকায় সরাসরি নির্বাচনে মনোনীত হন, সেজন্য তাদের অবস্থানটি মাননীয় সংসদ সদস্যদের ওপর রাখা যথাযথ হবে।”
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টারমিনালে শনিবার অর্থমন্ত্রী এ এম এ মুহিত।ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এই বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে ওই মর্যাদা দেয়া হয়েছিল বলে এখনো দিতে হবে এমন কোনো কথা নেই।
“পৃথিবীর কোনো দেশে এমন নজির নেই। অর্থমন্ত্রী কি বিষয়টি জানেন না?”
এইচ এম এরশাদ রাষ্ট্রপতি থাকার সময় ঢাকা সিটি কর্পোরেশনের মনোনীত মেয়র নাজিউর রহমান মঞ্জুকে মন্ত্রীর মর্যাদা দিয়ে এর প্রচলন শুরু হয়েছিল বলে জানান শহিদ খান।
৭ মেয়রই বিএনপির
বর্তমান সরকারে সময় অনুষ্ঠিত নয়টি সিটি করপোরেশন নির্বাচনের আটটিতেই পরাজিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে খুলনা সিটি করপোরেশনে তালুকদার আব্দুল খালেক, রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশালে মো. শওকত হোসেন এবং সিলেটে বদরউদ্দিন আহমাদ কামরান নির্বাচিত হন।
এর পর ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, এই চারটি সিটি করপোরেশনের মেয়ররা প্রতিমন্ত্রীর পদমর্যাদাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগে নেতৃত্বাধীন মহাজোট সরকার। ২০১০ সালের ১৭ জুন এই সরকারের সময়ে প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন বিএনপির এম মনজুর আলম।
এর পরে ২০১১ সালের ৩০ অক্টোবর আওয়ামী লীগের সমর্থনপুষ্ট শামীম ওসমানকে হারিয়ে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। তবে তিনি আওয়ামী লীগেরই নেতা।
২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লায় বিএনপি নেতা মনিরুল হক সাক্কু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খানকে পরাজিত করেন।
২০১২ সালের ১৯ ডিসেম্বর রংপুরে সরফুদ্দীন আহমেদ মেয়র পদে বিজয়ী হন। তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হলেও দল তাকে সমর্থন দেয়নি।
চট্টগ্রামের পর এই তিন সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হারার পর মন্ত্রিপরিষদ বিভাগ এক চিঠিতে জানায়, সিটি করপোরেশনের মেয়রদের মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধার সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রীর পদমর্যাদার কোনো সম্পর্ক আছে বলে প্রতীয়মান হয় না।
ফলে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও রংপুরের মেয়ররা প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাননি।
এরই ধারাবাহিকতায় এই বছরের ১৫ জুন রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে মেয়র পদে বিজয়ী হন বিএনপি সমর্থিত মোসাদ্দেক হোসেন বুলবুল, আরিফুল হক চৌধুরী, আহসান হাবিব কামাল ও মনিরুজ্জামান মনি।
সবশেষ গত ৭ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে ১৮ দল সমর্থিত প্রার্থী অধ্যাপক এমএ মান্নান বিজয়ী হন।
ঢাকা সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ শেষ হলে বিভক্ত দুই সিটি করপোরেশনে সরকারের দুইজন আমলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন। ফলে কোনো মেয়রই এখন প্রতিমন্ত্রীর পদমর্যাদাও পাচ্ছেন না।
