এবার ইউরিয়া আমদানি করবে বিএডিসি
প্রায় ২৪ বছর পর আবারো কৃষকদের মাঝে আমদানি করা ইউরিয়া সার সরবরাহ করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।
বৃহস্পতিবার বিএডিসির সদস্য পরিচালক আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃষিমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তারা বছরে এক লাখ টন ইউরিয়া সার আমদানি করবেন এবং নিজস্ব তিন হাজার একশ’ ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে তা বিতরণ করবেন।
দেশে বেসরকারি ও সরকারি সার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য রক্ষায় সরকার নতুন এ পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।
মূলত ১৯৯০ সাল থেকে বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন (বিসিআইসি) ইউরিয়া সার উৎপাদন, আমদানি এবং কৃষকদের মধ্যে বিতরণ করতো। সার বিতরণের জন্য বিসিআইসির পাঁচ হাজার চারশ ডিলার রয়েছে। এর আগে বিএডিসি এই সার সরবরাহের কাজটি করতো।
বর্তমানে বিএডিসি নন-ইউরিয়া সার যেমন- টিএসপি, এমওপি এবং ডিএপি আমদানি ও বিতরণ করে।
তবে সরকারের এ সিদ্ধান্তে কোনো মন্তব্য করতে রাজি হননি বিসিআইসির চেয়ারম্যান মনসুর আলী শিকদার।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে, চলতি অর্থবছরে সাড়ে ২৪ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে যার ১২ লাখ টন প্রয়োজন হবে আসন্ন বোরো মওসুমে। এর মধ্যে মজুদ রয়েছে সাড়ে চার লাখ টন।
বিগত বছরগুলোতে চাহিদার সম্পুর্ণ বিসিআইসি সরবরাহ করলেও এ বছর তারা ২৩ লাখ ৫০ হাজার টন ইউরিয়া সার সরবরাহ করবে।
সেক্ষেত্রে ইউরিয়া সারের বাকি চাহিদার সরবরাহ আসবে বিএডিসির পক্ষ থেকে।
বিসিআইসির হিসেবে, দেশে প্রতিবছর ইউরিয়ার উৎপাদন ১০ লাখ। আর বাকি সাড়ে ১৪ লাখ আমদানি করা হয় মধ্যপ্রাচ্যের তিন দেশ থেকে।
