২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে অচল মহাসড়ক, সারা দেশে ভোগান্তি

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে সারা দেশে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 03:56 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে এই ধর্মঘট করছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। কোথাও কোথাও চলছে গাড়ি ভাংচুর।

বিভিন্ন জেলা থেকে পাঠানো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের খবর-

সিলেটে বিক্ষিপ্ত ভাংচুর

পরিবহন ধর্মঘটের মধ্যে সকালে সিলেটে অন্তত ১০টি অটোরিকশা ভাংচুর করেছে পরিববহন শ্রমিকরা।

সকাল ১০টার দিকে নগরীর চণ্ডিপুল এলাকায় এ ভাংচুরের ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের সহকারী উপ-কমিশনার মোহাম্মদ আইয়ুব জানান, শ্রমিকরা কয়েকটি অটোরিকশা ভাংচুর করেছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটের মিনিবাসও বন্ধ রয়েছে।

বিভিন্ন রুটে কিছু অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। অনেক স্থানে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সদস্যদের বাধার কারনে অটোরিকশা চলাচলও বাধাগ্রস্ত হয়।

গণপরিবহন চলাচল করতে না পারায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

ফরিদপুরে দূরপাল্লার বাস বন্ধ, চলছে মিনিবাস

সকাল থেকে ফরিদপুর বাস টার্মিনাল থেকে ঢাকা, বরিশাল ও খুলনাসহ আন্তঃজেলারুটে কোনো বাস চলেনি। তবে স্থানীয় রুটের মিনিবাসগুলো চলাচল করছে।

ফরিদপুর মটর ওর্য়াকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান হাওলাদার জানান, ধর্মঘটের আওতায় রয়েছে শুধু আন্তঃজেলা রুটে চলাচলকারী পরিবহনের গাড়ি। তাই ফরিদপুর অঞ্চলে স্থানীয় রুটে বাস চলাচল করছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংগঠনিক সম্পাদক গোলাম মো. নাসির জানান, যুগ্মসম্পাদক শিমুল বিশ্বাসের মুক্তিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয়ভাবে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।

তবে এই অঞ্চলে স্থানীয় রুটে কিছু বাস চলাচল করছে।

গাজীপুরে ট্রাক, পিকআপ, লরি চলাচলও বন্ধ

ধর্মঘটের ফলে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চলাচলকারী উত্তরাঞ্চলের ৩২টি রুটে ফেডারেশনের আওতাভুক্ত কোন যানবাহন গাজীপুরের চান্দনা-চৌরাস্তা হয়ে চলাচল করছে না।

এতে এসব অঞ্চলের যাত্রী সাধারণ চরম দূর্ভোগে পড়েছেন।

সকাল সাড়ে ৮টা থেকে জামালপুরে যাওয়ার জন্য স্ত্রী-সন্তান নিয়ে কামাল হোসেন চান্দনা চৌরাস্তায় বাসের জন্য অপেক্ষা করছেন। সকাল ১০টায়ও গাড়িতে ওঠতে পারেন নি তারা।

শ্রীপুরের পোল্ট্রি ব্যবসায়ি আব্দুল মালেক জানান, চান্দনা চৌরাস্তা থেকে মুরগির খাবার কিনে গাড়ির অভাবে নিতে পারছেন না।

পরে লেগুনায় করে নিয়ে যান তিনি।

ধর্মঘটে গাজীপুরে ট্রাক, পিকআপ, ট্যাংক লরি চলাচলও বন্ধ রয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটির কোষাধ্যক্ষ ফয়সল আহমেদ সরকার জানান, গাজীপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক, পিক-আপ, ট্যাংক লরি ড্রাইভার্স ইউনিয়নের যৌথভাবে ধর্মঘট পালন করছে।

গাজীপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সামসুদ্দিন সরকার ও  জেলা ট্রাক, পিক-আপ, ট্যাংক লরি ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব জানান, ফেডারেশনের নির্দেশেই আমরা এ ধর্মঘট পালন করছি।

সাতক্ষীরায় ট্রাক-কর্ভার্ড ভ্যানও চলছে না

ধর্মঘটে সকাল ৬টা থেকে সাতক্ষীরায় স্থানীয় ৮টি রুটে বাসের সঙ্গে ট্রাক-কভার্ড ভ্যান চলাচলও বন্ধ রয়েছে।

সাতক্ষীরা থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোন বাস।

ধর্মঘটের কথা না জানায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় রুট ও দুরপাল্লার যাত্রীরা।

সাতক্ষীরা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, পরিবহন ধর্মঘট সাতক্ষীরায় সর্বাত্মক ও শান্তিপূর্ণভাবে চলছে।

রাজশাহীতে যাত্রী ভোগান্তি

পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন রাজশাহীর যাত্রীরা।

সকাল ৬টা থেকে রাজশাহীর সকল রুটে বাস, ট্রাক ও ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিমুলের মুক্তি না দিলে লাগাতার ধর্মঘট ডাক দেয়ার হুমকি দেন শ্রমিক নেতারা।

রাজশাহী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি মাহাতাব উদ্দিন বলেন, কেন্দ্র থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এ কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহী হতে দূরপাল্লা ও আন্ত:জেলা রুটের কোন যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি।

বন্ধ রয়েছে কভার্ড ভ্যান, ট্রাক ও ট্যাংক লরিসহ সব ধরণের যানবাহন।

পরিবহনের লোকজনকে হয়রানি করা হলে তার ফল ভাল হবে না বলেও হুঁশিয়ারি দেন এ শ্রমিক নেতা।