গাজীপুরে অসন্তোষ অব্যাহত, শ্রমিকনেতা আটক
মজুরি বৃদ্ধির দাবি ও শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ করার সময় গাজীপুরের কোনাবাড়ি ও কাশিমপুরে মঙ্গলবার পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব এলাকার ৪৫টির মতো কারখানা বন্ধ রয়েছে।
টঙ্গীতে শ্রমিক আটকের গুজবে শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।
এদিকে, সোমবার রাতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের গাজীপুর জেলা সভাপতি জিয়াউল কবির খোকনসহ তিন শ্রমিক নেতাকে আটক করেছে পুলিশ।
ন্যূনতম মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে গাজীপুর ও সাভারের কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সোমবার গাজীপুরের কাশিমপুরে এক কারখানার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
অব্যাহত শ্রমিক অসন্তোষ, ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর ও জরুন এলাকার অধিকাংশ কারখানা মঙ্গলবারও বন্ধ ছিল।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, সোমবার সংঘর্ষে দুই শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদ এবং মজুরি বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল ১০টার কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার জিএমএস ও ডিবিএল কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
পরে তারা সারদাগঞ্জ-নবীনগর সড়কে আগুন ধরিয়ে মিছিল ও সড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরাতে গেলে দুপক্ষের মধ্যে কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
পরে পুলিশ লাঠিপেটা করে এবং রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় আশপাশের দোকানপাটসহ সকল কলকাখানা বন্ধ হয়ে যায়।
এদিকে, সোমবার সংঘর্ষে দুই শ্রমিক নিহত হওয়ার পর রাতে জিএমএস কারখানার ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান, শ্রমিক নিহতের প্রতিবাদ এবং বন্ধ কারখানা খুলে দেয়া ও মজুরি বাড়ানোসহ ১১দফা দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ি এলাকার কিছু সোয়েটার ও পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মিছিল করে।
এক পর্যায়ে তারা কোনাবাড়ি-কাশিমপুর সড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ-শ্রমিক সংঘর্ষ বেধে যায়। পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
সকাল থেকেই এসব এলাকায় র্যাব, শিল্প পুলিশ এবং বিজিবি মোতায়েন রয়েছে।
টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
ন্যূনতম মজুরি বাড়ানো দাবি করার পর শ্রমিক আটকের গুজবে মঙ্গলবার টঙ্গীতে অনন্ত ফেব্রিক্স লিমিটেডের কারখানায় শ্রমিকরা ভাঙচুর করেছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, টঙ্গীর পাগাড় এলাকায় সকাল ৯টার দিকে অনন্ত ফেব্রিক্স লিমিটেড কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করে।
কারখানার সামনের রাস্তায় অবরোধ দেয়।
এ সময় নিরাপত্তার স্বার্থে পাশের হামদিল ফ্যাশন ওয়ার লিমিটেড, রেডিকস, শিশির নিটিং, জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডসহ ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে এ শ্রমিকরা জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স কারখানার মূল ফটকে গিয়ে ওই কারখানার শ্রমিকদের বের হওয়ার আহ্বান জানায়।
এ সময় মূল ফটকের সামনে বহিরাগত শ্রমিকরা তাদের কয়েকজনকে জাবের এন্ড জোবায়ের কারখানার ভিতরে নিয়ে আটক করে রাখার গুজবে ভেতরে ইট পাটকেল ছুড়ে ও ফটকে ভাংচুর করে।
বেলা ১২টা পর্যন্ত শ্রমিকরা তাদের সহকর্মীদের মুক্তির দাবিতে ওই কারখানার মূল ফটকের বাহিরে বিক্ষোভ করতে থাকে।
এ নিয়ে দফায় দফায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
সোয়া ১২টার দিকে শিল্প পুলিশ, টঙ্গী মডেল থানা পুলিশ ও বিজিবি কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছুড়ে এবং লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এতে কয়েকজন শ্রমিক আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহতদের মধ্যে রয়েছেন শিশির পোশাক কারখানার লাইজু (২২), আনন্দ সোয়েটারের সালমা বেগম (২০), অনন্ত পোশাক কারখানার সুজন (২০) ও হামিম গ্রপের সোনালীসহ (২০) অন্তত নয় জন।
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক মোসা. শরীফুন্নাহার জানান, আহতদের মধ্যে লাইজু, সালমা বেগম, সুজন ও সোনালীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের টঙ্গী সরকারি হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
জয়দেবপুরে কয়েকহাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, কোনাবাড়ি এলাকায় অর্ধশতাধিক দোকান ও বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সোমবার জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. রবিউল আলম বাদী হয়ে করা ওই মামলায় ১৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাত কয়েকহাজার শ্রমিককে আসামি করা হয়েছে।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রবিউল আলম জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে সোমবার রাতে গাজীপুর সদরের বড়বাড়ি এলাকার বাসা থেকে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের গাজীপুর জেলা সভাপতি জিয়াউল কবির খোকনসহ তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে।
