২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুলের জবাব দিতে ১ সপ্তাহ সময় পেল গভর্নর

আদালত অবমাননার এক রুলের জবাব দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও একজন মহাব্যবস্থাপককে এক সপ্তাহ সময় দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 07:08 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মো. আশরাফুল কামালের বেঞ্চ এক সপ্তাহ সময় বাড়ান।

গত ২৪ সেপ্টেম্বর হাই কোর্টের জারি করা এই রুলে, উচ্চ আদালতের রায় না মানায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও একজন মহাব্যবস্থাপকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে মামলা করা এবং শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চাওয়া হয়।

এই দুই বিবাদীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান।

আনিসুল হক আদালতে বলেন, হাই কোর্টের আদেশ প্রতিপালন হয়েছে। এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি। আদালত অবমাননার যে আবেদনটি করা হয়েছে, তার দরকার ছিলো না।

জবাবে আদালত বলে, ঠিক আছে এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে জমা দেন।

বিবাদি পক্ষের আইনজীবী বলেন, “আমরা এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব আদালতে লিখিতভাবে দেব। আদালত রাজি হলে ওইদিন রুল শুনানি হয়ে যেতে পারে।”

ইন্টারন্যাশনাল ডিজাইনার অ্যান্ড কন্ট্রাক্টরের (আইডিসি) আবেদনের পর এই রুল জারি করা হয়।

ওই আবেদনে বলা হয়, কাজের বিপরীতে চট্টগ্রামের বিদ্যুত উন্নয়ন বোর্ড ইন্টারন্যাশনাল ডিজাইনার অ্যান্ড কন্ট্রাক্টর (আইডিসি) লিমিটেডকে ৩২ লাখ ৬ হাজার ৭২৫ টাকার ৬টি চেক দেয়। চেকগুলো আমেরিকান এক্সপ্রেস (স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক) তুলে নেয়।

গত বছরের ২৯ নভেম্বর ওই টাকা ও তার সুদ আদায়ে আইডিসি বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে। কিন্তু বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা না নেয়ায় বাদি হাই কোর্টে যায়।’

গত ১১ ফেব্রুয়ারি এক আদেশে এক মাসের মধ্যে এ আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেয় হাই কোর্ট। ওই আদেশ প্রতিপালন না করায় আবেদনকারীপক্ষ আদালত অবমাননার আবেদন করে।

আদালত ওই আবেদনের শুনানি শেষে ২৪ সেপ্টেম্বর ওই রুল জারি করে।

আবেদনকারীদের আইনজীবী হাসান রাজিব প্রধান ওইদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা অনেক আগের (৯০ দশকের মাঝামাঝি সময়ের দিকে হবে) একটি মামলা। সে সময় আমেরিকান এক্সপ্রেস টাকাটা পরিশোধ করে নাই। পরে উত্তরাধিকার সূত্রে এই দায় আসে স্ট্যান্ডার্ড চার্টার্ডের উপর। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে স্ট্যান্ডার্ড চার্টার্ডকে এই দায় দেয়াও হয়েছে। কিন্তু টাকাটা আদায় করে দেয়া হচ্ছে না।”

ওই রুল জারির পর ব্যাংকের পক্ষ থেকে ব্যাখ্যা দিয়েছিলেন গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।

গত ২৬ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে হাই কোর্টের রুলের বিষয়ে এমন ভাষায় সংবাদ উপস্থাপন করা হয়েছে যাতে মনে হয় গভর্নর আতিউর রহমান আদালত অবমাননা করেছেন।

“প্রকৃতপক্ষে আতিউর রহমান হাই কোর্টের কোনো আদেশ বা নির্দেশ অমান্য করেননি। তিনি মাননীয় হাই কোর্ট বিভাগের আদেশ যথাযথভাবে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে নির্দেশ দিয়েছেন। বিষয়টি রুল শুনানিকালে প্রমাণিত হবে।”