২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক লাখ মানুষ হত্যার জন্য দায়ী ইউসুফ’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের অষ্টম সাক্ষী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 12:18 AM

Updated : 25 Apr 2022, 07:33 PM

সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাক্ষ্য দেন মুক্তিযোদ্ধা এমএ খালেক।

এসময় তিনি বলেন, ইউসুফ মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের শরণখোলায় ৯৩ জনকে হত্যা করা ছাড়াও বৃহত্তর খুলনায় প্রায় এক লাখ মানুষকে হত্যা করেছেন। এছাড়াও অনেককে ধর্মান্তরিত করিয়েছেন এবং দেশত্যাগে বাধ্য করেছেন।

সাক্ষ্যে তিনি বলেন, একাত্তরে জামায়াতের বড় মাপের নেতা এবং তৎকালীন সরকারের রাজস্ব মন্ত্রী ছিলেন একেএম ইউসুফ। তিনি রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। ‘রাজাকার’ নামটিও তার দেয়া।

“ইউসুফ বৃহত্তর খুলনা জেলার শান্তি কমিটির চেয়ারম্যান হিসেবে পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও মুসলীম লীগের ৯৬ জন কর্মীকে খুলনার আনসার ক্যাম্পে একত্রিত করেন। পরে তাদের পাকিস্তানি সেনাবাহিনী ও স্থানীয় আনসার কমান্ডারদের সহযোগিতায় প্রশিক্ষণ দেয়া হয়।”

তিনি জানান, প্রশিক্ষিত এসব কর্মী নিয়ে ১৯৭১ সালের ৫ মে তিনি রাজাকার বাহিনী গঠন করেন। পরে তাদেরকে পোশাক, অস্ত্র, গোলাবারুদ দিয়ে জেলার বিভিন্ন এলাকায় পাঠানো হয়।

এসব রাজাকাররাই এলাকায় লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরিতকরণ, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ সংঘঠিত করে বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধে নিজের সংশ্লিষ্টতার কথা তুলে ধরে খালেক বলেন, মুক্তিযুদ্ধের সময় রায়েন্দা পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থী ছিলেন তিনি। সে বছর ২৬ মার্চের পর তার নেতৃত্বে বাগেরহাটের শরণখোলায় ছাত্র সংগ্রাম কমিটি গঠন করা হয়। তখন থেকেই তারা মুক্তিযুদ্ধে অংশ নিতে প্রশিক্ষণের প্রস্তুতি নিতে থাকেন।

তিনি জানান, ১৯৭১ সালের ২৫ এপ্রিল তাদের স্কুলের ভেতর স্থাপিত মঞ্চে আসামী একেএম ইউসুফকে বক্তব্য দিতে দেখেছিলেন তিনি।

ওই মঞ্চে দেয়া ইউসুফের বক্তব্য ট্রাইব্যুনালে তুলে ধরে তিনি বলেন, “ইউসুফ বলেছিলেন, ‘১৬ বছর থেকে ৬০ বছরের নিচে কারো কাছে ‘ডান্ডি কার্ড’ (পরিচয়পত্র) না থাকলে তাদের কতল করা হবে। আওয়ামী লীগের কর্মী, হিন্দুরা এবং মুক্তিযোদ্ধারা পাকিস্তানের শত্রু। হিন্দুদের মাল গণিমতের মাল। এই সকল মাল মুসলমানদের খাওয়া জায়েজ। হিন্দুদের বাড়িঘড় জ্বালিয়ে দিতে হবে।”

সাক্ষী আরো জানান, ১৯৭১ সালের ১৯ এপ্রিল ইউসুফ বাগেরহাটের রামপাল এবং ২২ এপ্রিল কচুয়ায় যান। সেদিন ইউসুফ রামপালের প্রখ্যাত মিস্ত্রীবাড়ি লুটপাট করেন। একইভাবে ইউসুফ ও তার লোকেরা কচুয়ার ১০-১১টি গ্রামে হামলা চালায় এবং তিন থেকে চারশ’ বাড়ি লুটপাট করে জ্বালিয়ে দেয়।

সাক্ষী বলেন, “মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আনোয়ারের নেতৃত্বে আসমত আলী, ইসমাইল, হানিফ মোল্লা, হেমায়েত উদ্দিন বাদশা, আব্দুর রউফ মল্লিক এবং আমিসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করি। ১৯৭১ সালের ৬ জুন আমরা রেকি করে রায়েন্দা বাজারের তিনটি স্থানে অবস্থান নেই।

“৭ জুন রাত ৩টায় ইউসুফ ১৫-২০ জন নিয়ে শরণখোলায় আসেন। স্থানীয় রাজাকাররা আমাদের অবস্থান জেনে গিয়ে আমাদের উপর আক্রমণ চালায়। প্রায় দুই ঘন্টা চলার পর আমাদের গোলাবারুদ শেষ হয়ে গেলে আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি। আমি আরকেডিএস বালিকা বিদ্যালয়ে আত্মগোপন করি।”

তিনি জানান, ওইসময় স্কুলের ল্যাট্রিনে আশ্রয় নেয়া ক্যাপ্টেন আনোয়ার হোসেন, ইসমাইল, আসমত আলীকে ইউসুফের নেতৃত্বে রাজাকাররা সকাল ১০টার দিকে তল্লাশি চালিয়ে খুঁজে বের করে। ইউসুফের নির্দেশে তার সামনেই তিন মুক্তিযোদ্ধাকে বেয়োনেট দিয়ে খুচিয়েঁ জখম করার পর গুলি করে রাজাকাররা।”

সাক্ষী জানান, এ ঘটনার পর তিনিসহ মুক্তিযোদ্ধারা সুন্দরবনের তেতুলিয়ায় চলে যান। সেখানে খাবার-দাবার, রসদ অভাব হওয়ায় ৯ জুন বিকালে জয়নাল ফকির, হানিফ মোল্লাসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তাফালবাড়ী বাজারে বাজার করতে আসেন। তাদের সঙ্গে বাসারাত নামে সরকারি চাকরিজীবী ও মুক্তিযোদ্ধাদের কাছে রাজাকারদের তথ্য সরবরাহকারীও বাজারে আসে।

“সেদিন হঠাৎ ইউসুফের নেতৃত্বে ৩০-৪০ রাজাকার তাফালবাড়ী বাজার ঘেরাও করে। রাজাকাররা তল্লাশি চালিয়ে মুক্তিযোদ্ধা জয়নাল ফকির ও বাসারাতকে আটক করে নির‌্যাতন করতে থাকে। শুনেছি এ দুজন মুক্তিযোদ্ধাকে নির্যাতন করতে করতে পাশ্ববর্তী রাজেশ্বর গ্রামে নিয়ে গিয়ে গুলি করে তাদের হত্যা পর লাশ নদীতে ফেলা দেয়া হয়।”

এছাড়াও সাক্ষী ১৯৭১ সালের ২৯ জুলাই স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী ডা. আব্দুস সালামের উপর একেএম ইউসুফের নেতৃত্বে রাজাকারদের নির‌্যাতনে এবং তাকে হত্যার বর্ণনা সাক্ষ্যে ট্রাইব্যুনালের কাছে তুলে ধরেন সাক্ষী এম এ খালেক। এ ঘটনাটিও তিনি শুনেছেন বলে উল্লেখ করেন।

সাক্ষ্য দেয়া শেষ হলে এ সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সাইফুর রহমান। পরে জেরা অসমাপ্ত রেখে মামলার কার‌্যক্রম বুধবার পর‌্যন্ত মুলতবি ঘোষণা করে ট্রাইব্যুনাল।