সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ রাবিতে
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও আগুন দেয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট রাবি শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি পাবনায় ধর্মীয় উস্কানির অভিযোগে সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে, তা রামুর ঘটনার পুনরাবৃত্তি। পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
অবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতার এসব ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করার দাবি তোলেন বক্তারা।
কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতা বাসুদেব রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা প্রমুখ।
