২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ ট্রাভেল এজেন্সির জরিমানা ৫০ হাজার টাকা

আইন ভেঙ্গে ট্রাভেল এজেন্সি পরিচালনার অপরাধের জরিমানা বাড়িয়ে ৫০ হাজার টাকা করে আইন পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 08:27 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিল-২০১৩’ জাতীয় সংসদে পাসের প্রস্তাব করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

গত ৪ নভেম্বর সংসদে বিলটি উত্থাপন করেন বিমানমন্ত্রী। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে অবৈধভাবে ট্রাভেল এজেন্সি পরিচালনার অপরাধের শাস্তি ২ হাজার টাকার জরিমানা থেকে বাড়িয়ে অনধিক ছয় মাসের কারাদণ্ডসহ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সামরিক শাসনামলে নেওয়া বিভিন্ন অধ্যাদেশ পরিবর্তন ও বাতিল করার কাজ শুরু করে। তার অংশ হিসেবে ৭৭ সালের ‘ট্রাভেল এজেন্সিস (রেজিস্ট্রেসন অ্যান্ড কন্ট্রোল) অধ্যাদেশ’ বাতিল করে নতুন আইনের প্রস্তাব করা হয়েছে।

বিলে বলা হয়েছে, নতুন আইন কার্যকর হওয়ার ছয়মাসের মধ্যে অধ্যাদেশের অধীনে নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে নিবন্ধিত হতে হবে।

১৯৭৭ সালের অধ্যাদেশে এই আইনের অধীন সব কাজের দায়মুক্তি দেয়া হলেও বিলে সেটা বাদ দেয়া হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, বাংলাদেশে ট্রাভেল এজেন্সির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান অধ্যাদেশটি দীর্ঘদিনের অনেক পুরাতন হওয়ায় ট্রাভেল এজেন্সিগুলো অধিক স্বচ্ছ ও দক্ষ ব্যবস্থাপনার জন্য বাংলা ভাষায় যুগোপযোগীভাবে আইন প্রণয়ন করা বিশেষ প্রয়োজন।

ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ বাধ্যতামূলক করার প্রস্তাব

ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ রাখা বাধ্যতামূলক করে জাতীয় সংসদে আইন প্রণয়নের জন্য বিল উঠেছে সংসদে।

বিলটি আইনে পরিণত হলে ভোজ্যতেলে ভিটামিন-এ দেয়া বাধ্যতামূলক হবে।

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার পক্ষে ‘ভোজ্য তেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ বিল-২০১৩’ সংসদে উত্থাপন করেন প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য শিল্প মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্য তেল বিক্রি, সংরক্ষণ, সরবরাহ করলে এক লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। একই অপরাধ আবার করলে দ্বিগুণ অর্থদণ্ড ও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

হোটেল, রোস্তোঁরাতেও ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহারের বাধ্যবাধকতা রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।

কোনো খুচরা ও পাইকারি বিক্রেতা ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেল বিক্রি করলে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

বাজারজাত করা ভোজ্যতেলের বোতল বা প্যাকেটে নির্দিষ্ট প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা রাখা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, সংবিধানের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জনসাধারণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের সুরক্ষার বিধান করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। ভিটামিন-এ এর অভাবজনিত সমস্যা দূর করতে ভোজ্যতেলে ভিটামিন-এ সমৃদ্ধ করতে বিধান প্রণয়ন করা সমীচীন।

এদিকে নিয়োগ সংক্রান্ত কিছু বিষয়ের পরিবর্তন আনতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০১৩ এবং বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০১৩ সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

২০০৬ সালে প্রণীত এ দুটি আইন সংশোধনের প্রস্তাবের পরে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পাঠানো হয়।