চট্টগ্রামে বুধ ও বৃহস্পতি পরিবহন ধর্মঘট
মহাসড়কে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আগামী বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রামে পরিবহন ধর্মঘট ডেকেছে বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
সোমবার মালিক-শ্রমিকদের যৌথ সভায় ধর্মঘটের সিদ্ধান্ত হয়।
চট্টগ্রাম আন্তঃ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, প্রতিদিন মহাসড়কে বাস ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে।
তিনি বলেন, বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সীতাকুণ্ড ও মিরসরাই হয়ে দেশের অন্যান্য জেলার সঙ্গেও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ থাকবে।
তবে এই দুইদিন কোনো রাজনৈতিক দলের কর্মসূচি থাকলে ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা।
কফিল উদ্দিন বলেন, পরিবহন মালিক ও শ্রমিকদের ছয়টি সংগঠন যৌথভাবে এ ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।
