২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

পরপর দুইদিন মহাসড়কে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 02:06 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার নগরীর সিটি গেইট থেকে মিরসরাই পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার যানজটে দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী।

হাইওয়ে পুলিশ বার আউলিয়া ফাঁড়ির সার্জেন্ট সৈয়দ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  রোববার রাতে ভাংচুর ও অগ্নিসংযোগের ফলে রাত ৮টা থেকে সড়কে যান চলাচল বন্ধ থাকে।

“রাত ১টার দিকে যান চলাচল শুরু হলেও সকালে সীতাকুণ্ড বাস স্টেশন এলাকায় দুর্বত্তরা আবারো দুটি ট্রাকে আগুন দেয়। ফলে আরো ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার প্রায় ১২টি যানবাহনে অগ্নিসংযোগ ও শতাধিক গাড়ি ভাংচুরের পর রোববার সন্ধ্যায়ও বাড়বকুণ্ড এলাকায় জামায়াতকর্মীরা ১০টির বেশি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।

হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়বকুণ্ডে রোববার রাতে ভাংচুর ও অগ্নিসংযোগের পর নিরাপত্তার কারণে রাত ৮টার পর থেকে প্রায় দেড়টা পর্যন্ত মিরসরাই বাজার থেকে চট্টগ্রামমুখী সকল যান চলাচল বন্ধ রাখে পুলিশ।

দেড়টার পর থেকে যান চলাচল শুরু হলেও বিপুল সংখ্যক গাড়ির চাপে প্রায় ৩৭ কিলোমিটার সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়।

মেহেদী হাসান বলেন, বারৈয়াহাট থেকে বড় দারোগার হাট পর্যন্ত যান চলাচল করতে পারলেও এরপর থেকে সড়কে তীব্র যানজট রয়েছে।