ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারো গাড়ি ভাংচুর
এক দিনের ব্যবধানে আবারো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে অগ্নিসংযোগ করেছে জামায়াত-শিবির কর্মীরা।
রোববার সন্ধ্যায় নিজেদের দলীয় নেতা গ্রেপ্তারের প্রতিবাদে বাড়বকুণ্ড এলাকায় বেশ কিছু গাড়িতে আগুন দেয় তারা।
হাইওয়ে পুলিশ বার আউলিয়া ফাঁড়ির সার্জেন্ট সৈয়দ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় একটি বাস, একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়েছে।
এর পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, আমিনুল ইসলাম নামে উপজেলা জামায়াতের এক নেতা গ্রেপ্তারের পর রাত আটটার দিকে বাড়বকুণ্ড এলাকায় ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষিপ্ত ভাবে গাড়ি ভাংচুর করে জামায়াত-শিবির কর্মীরা।
ঘটনার সত্যতা স্বীকার করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে এম হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
