২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনে ফের সুযোগ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনে দুই দিন সময় পেয়েছে আসামিপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 09:53 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার এ আদেশ দেয়। তবে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখার আদেশ এখনো বহাল রয়েছে।

গত বুধবার তৃতীয়বারের মতো আসামিপক্ষকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য শেষ সুযোগ দেয়ার পরও তারা ট্রাইব্যুনালে উপস্থিত না হলে মামলার কার্যক্রম শেষ ঘোষণা করে রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আদেশটি পুনর্বিবেচনার আবেদন জানায় নিজামীর আইনজীবীরা। পরে আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, “আমরা সঙ্গত কারণেই আদালতে উপস্থিত হতে পারিনি। মহামান্য আদালত চাইলে আদেশটি পুনর্বিবেচনা করতে পারেন। আপনারা আমাদের লিখিত যুক্তিতর্ক দাখিল করতে বলেছেন, তবে তা কখনোই মৌখিক উপস্থাপনের বিকল্প হতে পারে না।”

“এর আগে আমাদের কয়েকবার সময় দেয়া হয়েছে। এবার কেন দেয়া হলো না বুঝতে পারলাম না। দিস ইজ জাস্ট রং।”

তবে প্রসিকিউটর মীর ইকবাল হোসেন এর বিরোধিতা করে বলেন, এ আদেশ রিভিউ করার বিধান আইনে নেই।

পরে আদেশে ট্রাইব্যুনাল বলে, এ আবেদন খারিজ বা গ্রহণ কোনোটাই করা হচ্ছে না, তবে সময় দিয়ে নিষ্পত্তি করা হচ্ছে।

এই আদেশের ফলে রোববার ও সোমবার নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন তার আইনজীবীরা।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ১৬টি অভিযোগ এনে গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি ঘটনায় এ অভিযোগ আনা হয়।

গত ৬ অক্টোবর নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজন সাফাই সাক্ষী হাজির করার অনুমতি দিয়ে আদেশ দেয় ট্রাইব্যুনাল। ২১ অক্টোবর সাফাই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

৩ নভেম্বর থেকে নিজামীর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। ৬ নভেম্বর পর্যন্ত মামলার বিভিন্ন দিক নিয়ে যুক্তিতর্ক উপস্থাপনে আরো অংশ নেন প্রসিকিউটর হায়দার আলী ও তুরিন আফরোজ।

এরপরে গত ৭ নভেম্বর থেকে মতিউর রহমান নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার প্রধান আইনজীবী মিজানুল ইসলাম। 

২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট এক আবেদনের প্রেক্ষিতে তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।