‘নিলাম ছাড়া ব্রডব্যান্ড ওয়্যারলেস লাইসেন্স কেন অবৈধ নয়’
বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেডকে ব্রডব্যান্ড ওয়্যারলেস লাইসেন্স দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসির জারি করা দুই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
‘জনস্বার্থে’ দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ রোববার এই রুল জারি করে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর এবং বিটিআরসি গত ১৫ সেপ্টেম্বর আদেশ দুটি জারি করেছিল।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আদেশে স্বাক্ষরকারী), বিটিআরসির আইন ও লাইসেন্স বিভাগের মহাপরিচালক ও জ্যেষ্ঠ সহকারী সচিব (আদেশে স্বাক্ষরকারী), বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেড, ম্যাঙ্গো টেলিসার্ভিস লিমিটেডকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওমর ফারুক গত ৭ নভেম্বর জনস্বার্থে হাই কোর্টে রিট আবেদনটি দায়ের করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক। বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
রিট আবেদনে ব্যারিস্টার ওমর ফারুক বলেন, “যথাযথ পর্যবেক্ষণ ও আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এই কোম্পানিকে অস্বচ্ছ উপায়ে ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেস দেয়া হয়েছে, যা সরকারি কোষাগারের বিপুল ক্ষতির কারণ হচ্ছে।
“ওই লাইসেন্স প্রদানে কোনো টেন্ডার বা নিলাম হয়নি। অথচ আইন অনুসারে এর বাইরে গিয়ে কোনো লাইসেন্স দেয়ার সুযোগ নেই।”
