২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হানিফ ফ্লাইওভারে অতিরিক্ত টোল কেন অবৈধ নয়’

গুলিস্তান-যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনের কাছ থেকে ‘অতিরিক্ত’ টোল আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 06:39 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচাপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ রোববার এই রুল জারি করে।

ওই ফ্লাইওভারে ‘অতিরিক্ত হারে’ টোল আদায় বন্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- রুলে তাও জানতে চেয়েছে হাই কোর্ট।

যোগাযোগ সচিব, স্থানীয় সরকার সচিব; ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব; ঢাকার জেলা প্রশাসক, ওরিয়ান ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে ১ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই ফ্লাইওভার রক্ষাণাবেক্ষণের দায়িত্বে থাকা ওরিয়ন গ্রুপের সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনের চুক্তির একটি অনুলিপি আগামী রোববাররের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে।

‘হানিফ ফ্লাইওয়ার ইনক্রিজড টোল ক্রিয়েটস কেওস’ শিরোনামে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে এই রিট আবেদন করা হয়।

সুপ্রিম কোর্টের তিন আইনজীবী সত্যরঞ্জন মণ্ডল, এম সাইফুল আলম ও মো. রুহুল কুদ্দুস পাটওয়ারি গত বৃহস্পতিবার এই রিট আবেদন করেন।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন এম সাইফুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

এম সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনগুরুত্বসম্পন্ন ও জরুরি বিবেচনায় আদালত আদেশটি বিশেষ বার্তা বাহকের মাধ্যমে বিবাদীদের কাছে পাঠাতে বলেছে।

Image
স্থায়ী টোলের হারে (বাঁয়ে) এবং টোল প্লাজায় কম্পোজ করে সাঁটানো হারের বিসদৃশ চিত্র।

স্থায়ী টোলের হারে (বাঁয়ে) এবং টোল প্লাজায় কম্পোজ করে সাঁটানো হারের বিসদৃশ চিত্র।

 

২০০৩ সালের চুক্তি অনুযায়ী, এই ফ্লাইওভারে ট্রেইলার ২০০ টাকা, ট্রাক ও বাস ১৫০ টাকা, মিনি বাস ১০০ টাকা, পিকআপ ৭৫ টাকা, মাইক্রোবাস ৫০ টাকা, জিপ ৪০ টাকা, প্রাইভেট কার ৩৫ টাকা, অটোরিকশা ১০ টাকা ও দুই চাকার বাহন ৫ টাকা হারে টোল আদায় হওয়ার কথা।

কিন্তু গত ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হানিফ ফ্লাইওভার উদ্বোধনের পর টোল প্লাজায় টানানো তালিকায় দেখা যায়, বাস/মিনি বাস ও ট্রাক (চার চাকা) ২৬০ টাকা, পিকআপ ১৩০ টাকা, মাইক্রোবাস ৮৫ টাকা, অটোরিকশা ১৮ টাকা ও মোটরসাইকেল ১০ টাকা। 

টোলের হারের এই তারতম্য নিয়ে চালু হওয়ার একদিনের মধ্যে আদায়কারী প্রতিষ্ঠানের সঙ্গে গাড়িচালকদের মারামারি বাঁধে। ফলে ১২ অক্টোবর বেশ কয়েক ঘণ্টা টোল ছাড়াই গাড়ি চলাচল করে।  

পুরনো খবর:

হানিফ ফ্লাইওভারে টোল নিয়ে গণ্ডগোল
টোল নিয়ে গোল সামলাতে চুক্তি ‘পর্যালোচনা’
‘হানিফ ফ্লাইওভার ঈদ উপহার’