২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালতলীর ইউএনওর বিরুদ্ধে দরপত্র দুর্নীতির অভিযোগ

বরগুনার নবগঠিত তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে দরপত্রের লটারিতে দুর্নীতির অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রোববার সকালে এ ঘটনার পর ঠিকাদাররা বিক্ষুব্ধ হয়ে উঠলে দরপত্রের লটারি স্থগিত করা হয়।

দুপুরে আমতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঠিকাদাররা ইউএনও ও পিআইওর বিরুদ্ধে দরপত্রের লটারিতে পক্ষপাতের অভিযোগ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু/কালভার্ট নির্মাণ’ প্রকল্পে তালতলী উপজেলার আমলকিতলা ও কেওড়া খালের উপর ৪৪ লাখ টাকা ব্যয়ে দুটি সেতু র্নিমাণের দরপত্রে অংশ নেন ঠিকাদাররা।

ঠিকাদার মোজাম্মেল গাজী, শাহজাদা আকনসহ অন্যরা জানান, বেলা ১১টায় পূর্ব নির্ধারিত সময়ে তারা লটারির জন্য তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে উপস্থিত হলে সেখানে উপস্থিত পিআইও তাদের জানান যে, লটারি সম্পন্ন হয়ে গেছে।

এ সময়ে উত্তেজিত ঠিকাদাররা পিআইও জাহাঙ্গীর আলমকে ধাওয়া দিলে তিনি দৌড়ে দপ্তর ছেড়ে পালিয়ে গা ঢাকা দেন বলে প্রত্যক্ষদর্শী স্থানীয় ঠিকাদার অলিউল্লাহ এবং মনির জানান।

ঠিকাদারদের অভিযোগ, ইউএনও কাজী তোফাজ্জেল হোসেন ও পিআইও জাহাঙ্গীর আলম লটারী না করে সকাল সাড়ে ৯টায় এ্যাটম এন্টারপ্রাইজ ও নুরজাহান এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দুটি ভাগ করে দেন।

এ ব্যাপারে ইউএনও কাজী তোফাজ্জেল হোসেন বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম লটারির সময় সকাল সাড়ে ৯টায় বলে জানালে তিনি তা সম্পন্ন করেন।

পিআইওর গা ঢাকা দেয়ার বিষয়ে ইউএনও তা এড়িয়ে গিয়ে বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তিনি বাইরে ব্যস্ত রয়েছেন। এ ব্যাপারে পিআইও কোনো অভিযোগ করেননি।

ফোনে যোগাযোগ করা হলে (রোববার দুপুর আড়াইটায়) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম জানান, “ঝামেলার কারণে দরপত্রের লটারি স্থগিত করা হয়েছে।”

তিনি এ বিষয়ে আর কোনো কথা বলতে রাজি হননি।