২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডের তাণ্ডবে মহাসড়কে ধীরগতি

বিএনপি ও জামায়াতকর্মীদের ভাংচুর ও অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে যানবাহন চলছে ধীর গতিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

রোববার দুপুর পর্যন্ত সীতাকুণ্ড থেকে নগরীর সিটি গেইটে প্রায় ৪৮ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে জট তৈরি হওয়ায় মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি পড়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফলে বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামমুখী এবং বিপরীমুখী যানবাহনের যাত্রী ও সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিএনপি ও জামায়াতকর্মীরা শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত মহাসড়কে হামলা ও ভাংচুর চালালে প্রায় ছয় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। রাত এগারটা থেকে যান চলাচল শুরু হলেও গাড়ির চাপে বিভিন্ন স্থানে সৃষ্টি হয় যানজট।

সীতাকুণ্ড মহাসড়ক পুলিশের বার আউলিয়া ফাঁড়ির সার্জেন্ট সৈয়দ জাকির হোসেন জানান, সড়কে যানবাহনের চাপ অনেক বেশি, গাড়ি চলছে খুব ধীর গতিতে।

তিনি বলেন, “সড়কের বিভিন্ন অংশ থেকে ভাংচুর হওয়া যানগুলো সরাতে সময় লেগে যাওয়ায় চলাচল স্বাভাবিক হলেও গতি ধীর।” 

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করছে।

রাতে সংঘর্ষ থামার পর দুইদিক থেকে আটকা পড়া যানগুলো একসঙ্গে চলাচল শুরু করলে যানজটের সৃষ্টি হয় বলে জানান তিনি।

শনিবার বিকাল পাঁচটার দিকে সীতাকুণ্ড সদরে ১৮ দলীয় জোটের সমাবেশকে ঘিরে সংঘর্ষে জড়ায় বিএনপি-জামায়াতের কর্মীরা।

এ সময় তারা মহাসড়কে ভাংচুর চালায়, অবরোধ করে এবং যানবাহনে আগুন দেয়। পরে সংঘর্ষ মহাসড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

রাত সাড়ে ১০টা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলে। 

এ সময় তারা কমপক্ষে ১২টি গাড়িতে আগুন দেয় এবং শতাধিক যান ভাংচুর করে।