বিএনপির ৫ নেতার রিমান্ড স্থগিতের আবেদন
পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও বিস্ফোরণের দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতার আট দিনের রিমান্ড স্থগিতে দুটি আবেদন দেয়া হয়েছে হাই কোর্টে।
সুপ্রিম কোর্টর আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী রোববার সকালে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চে আবেদন দুটি শুনানির জন্য উপস্থাপন করেন।
ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন বলেন, “তারা বিএনপি নেতাদের রিমান্ড স্থগিতের আবেদন করেছেন। আমরা ৩টায় শুনানির জন্য রাখতে আদালতকে অনুরোধ করেছি। আদালত তা রেখেছেন।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গত বৃহস্পতিবার ৮ দিন করে রিমান্ডে পাঠান মহানগর হাকিম রেজাউল করিম।
নির্দলীয় সরকারের অধিনে আন্দালনরত বিএনপি গত ৮ নভেম্বর তৃতীয় দফায় ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর বিএনপি নেতাদের আটক করা হয়।
পরদিন আদালতে হাজির করে তাদের ৫ নভেম্বরের হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ,পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বরে মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ওইদিনই পাঁচ আসামিকে দুই মামলায় ১০ দিন করে ২০ দিন পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। কিন্তু মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শুনানি পিছিয়ে যায়।
বৃহস্পতিবার শুনানি শেষে আসামিদের জামিন নাকচ করে এক মামলায় তিন দিন ও অন্য মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
ব্যারিস্টার মওদুদের চেম্বারের সহযোগী আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি মামলায় বিএনপির পাঁচ নেতাকে রিমান্ডে নেয়ার যে দুটি আদেশ রয়েছে, আমরা তা স্থগিতে আবেদন করেছি।”
