২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়া-গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ

ন্যূনতম মজুরি আট হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে সাভারের আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় ফের পুলিশের সঙ্গে সংঘর্ষে জাড়িয়েছে পোশাক শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

সাভার ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 07:18 PM

শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুস সাত্তার জানান, সেখানে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর করেছে। উদ্ভূত পরিস্থিতিতে অর্ধশতাধিক কারখানায় রোববারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুরের কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার কয়েকটি স্যুয়েটার কারখানার শ্রমিকরাও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে করে এবং ভাংচুর চালায়। সেখানেও অধিকাংশ কারখানায় পরে ছুটি ঘোষণা করা হয় বলে জয়দেবপুর ও কোনাবাড়ি থানা পুলিশ জানায়।

দুই জায়গাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে। সংঘর্ষে আশুলিয়ায় শ্রমিক, পুলিশ ও পথচারীসহ অর্ধশতাধিক এবং গাজীপুরে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আশুলিয়া

নূন্যতম মজুরি ৮ হাজার টাকাসহ কয়েকটি দাবিতে আশুলিয়ার শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি ৫ হাজার ৩’শ টাকা মালিক পক্ষ মেনে নেয়ার পর তা প্রত্যাখান করে ৮ হাজার টাকাসহ আরও কয়েকটি দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর, জামগড়া, এলাকার পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর করে।

রোববার সকাল ৯টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলে।

সংঘর্ষে শ্রমিক, পুলিশ ও পথচারীসহ শতাধিক আহত হয়েছে।

শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে জামগড়া এলাকার নেক্সট কালেকশন পোশাক কারখানার শ্রমিকরা প্রথমে বিক্ষোভ শুরু করে। পরে পাশ্ববর্তী কারখানাগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পরে।

বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। আতঙ্কে অর্ধশতাধিক পোশাক কারখানা রোববার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বেলা ১১টা থেকে পরিস্থিতি স্বাভাবিক বলেও তিনি জানান।

শিল্প পুলিশ- ১ সাভার ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ন্যূনতম মজুরি ৫ হাজার ৩শ’ টাকা চলতি বেতনের সঙ্গে না দেয়ায় সাভারের হেমায়েতপুর এলাকার স্টান্ডার্ড গ্রুপের শ্রমিকরা বিক্ষোভের একপর্যায়ে কারখানা থেকে বেরিয়ে চলে যায়। পরে কর্তৃপক্ষ কারখানাটি রোববার ছুটি ঘোষণা করেছে।

এদিকে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পুলিশের জলকামান, রায়টকার ও সাজোয়া যানের টহল অব্যাহত রয়েছে।

গাজীপুর

উৎপাদন দর ও ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে রোববার সকালে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার কয়েকটি স্যুয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ, ভাংচুর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে চেষ্টা করে।

এ সময় পুলিশ-শ্রমিক সংঘর্ষে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ি এলাকার স্যুয়েটার কারখানাগুলো রোববারের জন্য ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।

কোনাবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ন্যূনতম দৈনিক হাজিরা দুই’শ টাকা, ন্যূনতম বেতন ৮ হাজার টাকা ও স্যুয়েটারের উৎপাদন দর (পিস রেট) বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকার জে এল, ডিজাইন, গ্লোবাল মার্চেন্ট লিমিটেড, মেরিটেক্স ওয়ান, সোহান, মারলিভ, আসিফ স্যুয়েটার, ও তিতাস স্যুয়েটার কারখানা এবং গ্রিন ল্যান্ড, মেডিটেকসহ বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে তারা কোনাবাড়ি-কাশিমপুর সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর এবং ওই সড়কে কাঠ ও গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে শ্রমিকরাও পাল্টা ধাওয়া দেয় এবং পুলিশকে লক্ষ্য করে ই্টপাটকেল নিক্ষেপ করে।

পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়।

তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ ও গাড়ি ভাংচুর শুরু করলে তাদের লাঠিপেটা, রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয়।

এ সময় কমপক্ষে ১০ শ্রমিক আহত হন।

শনিবারও একই এলাকায় শ্রমিক অসন্তোষের ফলে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

চক্রবর্তী ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর এলাকার ডেল্টা গ্রুপ, ডিবিএল গ্রুপ কটনক্লাবসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে কারখানা গেটের বাইরে বিক্ষোভ করে।

এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার কাচ ভাংচুর করে। পরে তাদের  ধাওয়া করে সরিয়ে দেয়া হয়।

এ ঘটনার পর কাশিমপুর এলাকার অধিকাংশ কারখানা রোববারের জন্য ছুটি দেয় কর্তৃপক্ষ।

কোনাবাড়ি এলাকার সালনা মহাসড়ক পুলিশ ফাঁড়ির ওসি আলমগীর সরকার জানান, পুলিশ-শ্রমিক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের কারণে সকাল পৌণে ৯টা থেকে প্রায় আধা ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। এতে সড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সকাল সোয়া ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।