ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
রাবি ছাত্রলীগ নেতা মামুন ও চট্টগ্রামের ছাত্রলীগ নেতা বাপ্পিকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।
শনিবার দুপুরে মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ মিলিত হন সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে কুপিয়ে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহ মাখদুম হল শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান মামুনকে। এর আগে রোববার চট্টগ্রামে বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বাপ্পিকে জবাই করে হত্যা করা হয়।
ওই দুই হতাকাণ্ডের জন্যই ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ।
সমাবেশে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, জামায়াত-শিবির রক্ত পিপাশায় মেতে উঠেছে। জামায়াত শিবিরের মতো যুদ্ধাপরাধী দলের কোনো সদস্যকে যেখানেই দেখা যাবে মেরে পুলিশের হাতে দেওয়ার আহ্বান জানান তিনি।
