রাবি ছাত্রলীগ নেতা খুন: গ্রেপ্তার আরো ২
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিবিরকর্মীদের হামলায় ছাত্রলীগ নেতা মামুন নিহত হওয়ার ঘটনায় জামায়াত ও শিবিরকর্মী পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে গ্রেপ্তাররা হলেন- জামায়াত কর্মী সুন্দরগঞ্জ উপজেলার নিজপাড়া গ্রামের আব্দুর রশিদ বেপারী (৪৫) ও তার ছেলে ইসলামী ছাত্রশিবিরকর্মী তরিকুল ইসলাম (১৮)।
এ নিয়ে এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হল। এর আগে শুক্রবার চারজনকে গ্রেপ্তার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ওসি কায়ছার আলী খান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো মামলা করা হয়নি। তবে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডোমেরহাট বাজারে ১০/১২ জন যুবক ছাত্রলীগ নেতা খলিলুর রহমান মামুনকে (২৫) কুপিয়ে গুরুতর আহত করে যায়। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মামুন রাবির শাহ মখদুম হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। কিছুদিন আগে প্রকাশিত পুলিশের এসআই নিয়োগ পরীক্ষায় তিনি কৃতকার্য হয়েছিলেন বলে জানায় পরিবারের সদস্যরা।
