চবিতে ছাত্রলীগের হামলায় ২ ছাত্রদল নেতা আহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের দুই নেতাকর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি নেসারুল ইসলাম নাজমুল এবং কর্মী ফয়সাল আহমেদ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর দিন বেলা ১১টার দিকে শহীদ মিনার চত্বরে এই হামলা হয়।
হামলার প্রতিবাদে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক প্রায় আধঘণ্টা অবরোধ করে ছাত্রদল কর্মীরা।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফউদ্দিন সালাম মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের কিছু কর্মী বিনা কারণে তাদের নেতাকর্মীদের ওপর হামলা করে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী বলেন, ছাত্রদল ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাত্রলীগ কর্মীরা তা প্রতিহত করেছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত নাজমুল ও ফয়সালকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি বলেন, “এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে ঘটনাটি তদন্ত করে দেখা হবে।”
এদিকে ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা চবি দুই নম্বর গেইট এলাকায় ২০ মিনিট ধরে সড়ক অবরোধ করে রাখে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরে পুলিশ গিয়ে ছাত্রদলকর্মীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
