২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট হাসপাতালে অগ্নিকাণ্ড, হুড়োহুড়িতে রোগীর মৃত্যু

বাগেরহাট সদর হাসপাতালে অগ্নিকাণ্ডে হুড়োহুড়ি করে নামানোর সময় এক হৃদরোগী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাগেরহাট প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 02:10 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শনিবার ভোর সাড়ে ৬টায় মালামাল রাখার কক্ষে লাগা ওই আগুন ১০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয় বলে অগ্নিনির্বাপন বাহিনীর স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদীন তিতাস জানিয়েছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মঈন উদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিকাণ্ডের সময় হৃদরোগী আতিয়ার রহমানকে নামানোর সময় তার মৃত্যু হয়।

গত ১৪ নভেম্বর ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন আতিয়ার (৫৫)। তিনি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই গ্রামের বাসিন্দা। 

মৃতের স্বজনদের দাবি, আতিয়ারকে হাঁটিয়ে নামানো হচ্ছিল। তবে হাসপাতালের কর্মচারীরা বলছেন, তাকে স্ট্রেচারে নামানো হচ্ছিল।

আতিয়ার হাসপাতালের দ্বিতীয় তলায় মেডিসিন পুরুষ ওয়ার্ডের ৮ নম্বর শয্যায় ভর্তি ছিলেন। অগ্নিকাণ্ডের সময় তার পাশে ছিলেন স্ত্রী আনোয়ারা বেগম ও ছোট ভাই মোল্লা ফিরোজ হোসেন। 

ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ায় নার্সসহ রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে নেমে আসার চেষ্টা করছিল।

“এ সময় হাসপাতালের কর্মচারীরা আমার ভাইকে টানা-হেঁচড়া করে হাঁটিয়ে নামিয়ে আনার এক পর্যায়ে তিনি নিচতলার মেঝেতে পড়ে যান। এরপর তার মৃত্যু হয়।”

এ বিষয়ে আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঈন উদ্দিনের কাছে অভিযোগ করা হয়েছে জানিয়ে ফিরোজ বলেন, “তিনি ঘটনা তদন্তের আশ্বাস দিয়ে লাশ তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী আমরা লাশ বাড়িতে এনে দাফন করি।”

তবে কর্তব্যরত স্টাফ নার্স তাসলিমা সাংবাদিকদের বলেন, হাঁটিয়ে নয়, স্ট্রেচারে করেই আতিয়ারসহ অন্য রোগীদের নামানো হয়েছিল।

“ভোর সাড়ে ৬টার দিকে রোগীরা আমাকে জানালে আমি ধোঁয়া দেখে হাসপাতালের ইলেক্ট্রিশিয়ান ও দমকল বিভাগে খবর দেই এবং রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে চেষ্টা করি।”

অগ্নিকাণ্ডের কারণ এবং রোগীর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য বিভাগ।

বাগেরহাটের সিভিল সার্জন বাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঈন উদ্দিনকে প্রধান করে চার সদস্যের ওই কমিটি গঠন করা হয়েছে।

অনিকাণ্ডে যে কক্ষটির মালামাল পুড়েছে, তা পুরনো মালামাল ছাড়া অন্য কোনো কাজে ব্যবহৃত হত না বলে জানান নার্স তসলিমা। আগুনে তিনটি ম্যাট্রেসসহ কিছু চাদর ও মশারি পুড়ে গেছে বলে জানান তিনি।

তবে রোগীদের স্বজনরা বলছেন, আগুন নেভানোর পর সেখান থেকে মশার কয়েলের পোড়া অংশ পাওয়া গেছে।

অগ্নি নির্বাপন বাহিনীর কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি বলে প্রাথমিকভাবে তাদের ধারণা হয়েছে।

মশার কয়েল বা অন্য কোনোভাবে আগুন লেগেছে বলে তার ধারণা।