মুন্সীগঞ্জে হরতালে সাড়া নেই
বিএনপি হরতাল ডাকলেও মুন্সীগঞ্জে দোকান-পাট খোলা ছিল, কাজ চলেছে অফিস আদালতেও।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপুকে গ্রেপ্তারের প্রতিবাদের শনিবার ডাকা এই হরতালে বিএনপির কোনো মিছিল কিংবা পিকেটিংও দেখা যায়নি।
গত বৃহস্পতিবার সপুকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিক প্রতিবাদে মুন্সীগঞ্জে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতালের ডাক দেয়া হয়। সপুকে হরতালের মামলায় ইতোমধ্যে রিমান্ডে নিয়েছে পুলিশ।
সদর থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে জেলার কোথাও কোনো মিছিল-সমাবেশ বা কর্মসূচি দেখা যায়নি।
হরতালের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরও রাজপথে দেখা যায়নি।
জেলা শহরে ঘুরে দোকানসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো খোলা দেখা যায়। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কসহ সব সড়কে যানবাহন চলতে দেখা গেছে স্বাভাবিক দিনের মতোই।
লঞ্চসহ অন্যান্য নৌযানগুলো ঘাট ছেড়েছে নির্ধারিত সময়েই।
বিরোধী দলের কর্মীরা না থাকলেও জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
গত তিন সপ্তাহে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের ডাকে ১০ দিন হরতাল হয়। এর মধ্যে সহিংসতার একটি মামলায় ১৫ নভেম্বর রাজধানীতে গ্রেপ্তার হন সপু।
বাংলা মোটরে তার সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকেও গ্রেপ্তার করে পুলিশ।
