ত্যাগের আশুরায় শোকের মাতম
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে আশুরা। দিবসটি উপলক্ষে শুক্রবার তাজিয়া মিছিল বের করা হয়।
১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে শিয়া মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে পালন করেন দিনটি।
এক হাজার ৩২৯ বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন।
আশুরা উপলক্ষে পুরান ঢাকায় হোসনী দালান থেকে সকাল সাড়ে ১০টার দিকে ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতম তুলে বিশাল তাজিয়া মিছিল শুরু হয়। হাজারো মানুষের শোক মিছিলটি আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমণ্ডি ২ নম্বর সড়কের পশ্চিম প্রান্তে ‘কারবালা’ প্রাঙ্গণে গিয়ে দুপুর ১টার দিকে শেষ হয়।
চকবাজার থানার ওসি মো. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাজিয়া মিছিলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তারা মিছিল শেষ করেছে।
এদিকে কারবালার রক্তাক্ত স্মৃতি স্মরণে এ সময় অনেককে নিজের দেহে আঘাত করে রক্ত ঝরাতে দেখা যায়।
এর আগে ভোরে আরেকটি মিছিল ইমামবাড়া থেকে বের হয়ে বকশী বাজার, নাজিমুদ্দিন রোড, চক বাজার, রহমতগঞ্জ, চাঁদনী ঘাট, উর্দু রোড ও বকশীবাজার ঘুরে আবার ইমামবাড়ায় ফিরে আসে।
এছাড়া রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরেও বের হয় তাজিয়া মিছিল।
মোহাম্মদপুর এলাকার বাসিন্দা নুসরাত সালাম স্বর্ণা বলেন, মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা অনেকে গায়ে রক্তের রং লাগিয়ে মিছিল করেছেন।
মূলত গায়ে রং লাগিয়ে মিছিলকারীরা ফুটিয়ে তোলেন কারাবালার সেই রক্তপাতের দৃশ্য। বর্তমান ইরাকে ফোরাত নদীর তীরে কারবালা ইতিহাসের সাক্ষী হয়ে আছে।
