সীতাকুণ্ডে রেললাইনে আহত শিশু
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেল লাইনের পাশে একটি শিশুকে আহত অবস্থায় পাওয়া গেছে, তাকে চলন্ত ট্রেন থেকে দৃর্বৃত্তরা ফেলে দিয়েছে বলেপুলিশের ধারণা।
বুধবার সকালে বাঁশবাড়িয়ার কাছাকাছি ঢাকা-চট্টগ্রাম রেল লাইন থেকে রাজা মিয়া নামে ওই শিশুকে উদ্ধার করা হয়। ১০ বছরের শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শিশুটি নিজের নাম ও বাড়ি কিশোরগঞ্জ আর বাবার নাম হেলাল মিয়া ছাড়া আর কিছু বলতে পারছে না বলে চট্টগ্রাম জিআরপি থানার ওসি ইয়াসিন ফারুক জানিয়েছেন।
তিনি বলেন, দুটি লাইনের মাঝখান থেকে সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার মাথা ও পা জখম হয়েছে।
ওসি ইয়াসিনের ধারণা, হয়তো দুর্বৃত্তরা ঢাকা থেকে আসা আন্তঃনগর তূর্ণা নিশীথা অথবা অন্য কোনো ট্রেন থেকে শিশুটিকে ফেলে দিয়েছে।
আবার বিনা টিকিটে ভ্রমণের সময় সীতাকুণ্ডে ট্রেনের গতি ধীর হলে শিশুটি লাফিয়েও পড়তে পারে- এই সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
ওসি বলেন, “প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা সে এখনো কিছুই বলতে পারছে না। তার সাথে কথা বললে প্রকৃত ঘটনা জানা যাবে।”
