জামায়াতের গাজীপুর জেলা আমির গ্রেপ্তার
হরতালে গাড়িতে অগ্নিসংযোগের মামলায় গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে দলটির জেলা কার্যালয়ের সামনে থেকে আবুল হাসেম খানকে (৬৭) গ্রেপ্তার করা হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মিটু শেখ জানান, সোয়া ১টার দিকে জেলা শহরের শিববাড়ি-শিমুলতলী সড়কের পাশে জামায়াতের জেলা কার্যালয়ের প্রবেশপথ থেকে আবুল হাসেম খানকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকায় জাতীয় আইন কলেজের সামনে ৪ নভেম্বর সকালে ১৮ দলীয় হরতাল চলাকালে কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের মামলা রয়েছে।
ওই ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় কাভার্ডভ্যান চালক রমজান আলীর ছেলে মনির হোসেন অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যান।
