২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত

হরতালের মধ্যে মহাসড়কে পুলিশ পাহারায় গাড়ি পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 11:41 AM

Updated : 25 Apr 2022, 07:31 PM

মঙ্গলবার রাতে মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাশেম (৫০) জোরারগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের রাতে পণ্যবাহী বিভিন্ন ট্রাক ও কভার্ড ভ্যান পুলিশি পাহারায় চলাচলের ব্যবস্থা করা হয়। এর অংশ হিসাবে এসআই হাশেম ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রাকগুলোকে মিঠাছড়া বাজারে জড়ো করার কাজ তদারক করছিলেন।

এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা হাশেমকে মৃত ঘোষণা করেন।

ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।

নিহত আবুল হাশেমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, বাবার নাম বারেক মিয়া।

হাশেমের দুই ছেলে দুই মেয়ে রয়েছে বলে তার এক আত্মীয় জানান।