বিনামূল্যের বই বিক্রি: কর্মকর্তা আটক
বিনামূল্যে বিতরণের বই বিক্রির অভিযোগে পাবনার ফরিদপুরের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আটক হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ওই কার্যালয়ের একজন পিয়নসহ আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়েছে।
ফরিদপুর থানার ওসি আকরাম হোসেন জানান, শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ ফরিদপুরের বনওয়ারী নগর গার্লস হাই স্কুলের গোডাউন থেকে বিপুল পরিমাণ বিনামুল্যের সরকারি পাঠ্য বইএক কাগজ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।
বই কিনে নিয়ে যাওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডি এম আতিকুর রহমানের হাতে ধরা পড়ে কাগজ ব্যবসায়ী।
তাকে জিজ্ঞাসাবাদ করে ওই শিক্ষা কর্মকর্তার নাম পাওয়া যায়।
“পরে ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কৌশলে ঘটনাস্থলে এনে বইসহ তাকে পুলিশে দেন (ইউএনও)।”
ওসি আরো জানান, এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে ফরিদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওই মামলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
