গাইবান্ধায় ব্যাংকে হরতালকারীদের হামলা, আহত ১
গাইবান্ধার পলাশবাড়ীতে সোনালী ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ভাংচুর চালিয়েছে হরতাল সমর্থকরা। এতে ব্যাংকের এক কর্মকর্তা আহত হয়েছেন।
পলাশবাড়ী থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হরতালকারীরা ব্যাংকের ভেতরে ভাংচুর করে। এ সময় কাচ লেগে ব্যাংকের ওই শাখার কোষাধ্যক্ষ হযরত আলী (৪৫) আহত হন।
ওসি বলেন, “ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিওফুজেট দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।”
ব্যাংকের শাখা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে ব্যাংকে কাজ চলার সময় আট থেকে নয় জন যুবক ভিতরে ঢুকে হুমকি-ধমকি দেয়া শুরু করে। লেনদেনসহ ব্যাংকের যাবতীয় কার্যক্রম বন্ধ করতে বলে তারা।
এক পর্যায়ে চেয়ার দিয়ে ব্যাংকের ক্যাশ সেকশনের কাচ ভাংচুর করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।
