পটুয়াখালীতে শ্রমিক লীগ নেতার রগ কর্তন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের এক নেতার বাম পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়ার নাচনাপাড়া এলাকার ট্যাংগন বাড়ী সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চাকামইয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক বুদাইকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার জন্য যুবদল ও ছাত্রদলকর্মীদের দায়ী করেছে আহতের স্বজনরা। পুলিশের সন্দেহ, দলীয় কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে।
তবে চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবর রহমান ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমান পরিস্থিতিতে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটাতে পারে বলে আমার মনে হয় না।”
কলাপাড়া থানার এসআই মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি দলীয় কোন্দল। হাসপাতালে গিয়ে ওই নেতাকে অজ্ঞান অবস্থায় দেখেছি। তাই তার কাছ থেকে কিছু জানা যায়নি।”
আজিজুলের বাম পায়ের রগ কাটা ও বিভিন্ন স্থানে কোপের দাগ রয়েছে বলে জানান তিনি।
কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সোহাগ এবং পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ হান্নান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে নিজ বাড়ি থেকে শহর সংলগ্ন নাচনাপাড়া এলাকার ট্যাংগন বাড়ি এলাকায় শশুর বাড়ি যাচ্ছিলেন আজিজুল।
“উপজেলা ছাত্রদল নেতা রনি ফকিরের নেতৃত্বে রিয়াজ তালুকদার, রাজিব ফকির এবং মো. শাহ আলমসহ ছাত্রদল ও যুবদলের ১০/১২ জনের একটি সশস্ত্র দল তার ওপর হামলা চালায়।”
