২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইতে যৌতুকের জন্য গৃহবধূ খুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে এক গৃহবধুকে হত্যা করার অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 08:21 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

নিহত এ্যানি চৌধুরী (২১) বোয়ালখালি উপজেলার পশ্চিম শাকপুরার শম্ভু চৌধুরীর মেয়ে। তিনি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

সোমবার মিরসরাইয়ের ওয়াহেদপুরের সাতবাড়িয়া গ্রামের শ্বশুর বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মিরসরাই থানার এসআই আক্কাস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যাওয়ার আগে লাশ পুকুর থেকে উঠিয়ে পাড়ে রাখা হয়। নিহতের নাকে-মুখে রক্ত ও গলার দুই পাশে ফোলা দাগ এবং বাম হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে।

“নিহত এ্যানি সাঁতার জানত। তাই পুকুরে ডুবে মারা যাওয়ার সম্ভাবনা নেই।”

এসআই আক্কাস বলেন, “নিহত এ্যানিকে যৌতুকের জন্য নির্যাতন করা হত বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ কর্মকর্তা আরো জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় এ্যানির বাবা বাদি হয়ে তার স্বামী রাজিব দে, দেবর সজীব দে ও শশুর তুষার দেসহ চারজনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান তিনি।

নিহতের পরিবারের দাবি, যৌতুক দাবি করে না পেয়ে এ্যানিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরে লাশ বাড়িসংলগ্ন পুকুরে ফেলে দেয়া হয়।

নিহত এ্যানির বড় বোনের স্বামী সুমন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বছর আগে বিয়ের সময় দশ ভরি স্বর্ণ ও আসবাবপত্র দেয়া হয়।

“পরে এ্যানির শ্বশুড় বাড়ি থেকে চাপ দিলে নগদ এক লাখ টাকা দেয়া হয়। এরপর আরও এক লাখ টাকা যৌতুকের দাবিতে নিয়মিত তাকে নির্যাতন করা হত”।

সোমবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এসআই আক্কাস বলেন, এঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।