২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আজ ছিল ওর জন্মদিন’

স্বপ্ন ছিল লেখাপড়া শেষে ব্যাংকার হয়ে সংসারের হাল ধরবেন। প্রথম বেতনের টাকায় জামদানি শাড়ি কিনে মার অপূর্ণ সাধ পূরণের কথাও বলেছিলেন। কিন্তু মুহূর্তের দুর্ঘটনায় থেমে যায় এই স্বাপ্নিকের চলার পথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 07:10 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

গত শুক্রবার মতিঝিলের শাপলা চত্বরে বাসের ধাক্কায় প্রাণ হারানো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী কানিজ ফাতেমা তাসনীমের উনিশতম জন্মদিন সোমবার।

এ উপলক্ষে রাত ১২টার পর থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসএমএস আসছে তার রেখে যাওয়া মোবাইলে। যে এসএমএসে আনন্দে ভরে ওঠার কথা ছিল তাসনীমের, নিয়তির চক্রে সেগুলোই বাড়িয়ে তুলছে মা-বাবার বেদনার মাত্রা।

সন্তান হারানোর এই বেদনাই উঠে আসে তাসনীমের বাবা সালেক হাওলাদারের কথায়।

“অনেক স্বপ্ন ছিল অন্যান্য বারের মতো এবারও মাকে নিয়ে তার জন্মদিন পালন করবো। কিন্তু ঘাতক বাস আমার কাছ থেকে তাকে নিয়ে গেল অনেক দূরে,” আক্ষেপ ঝরে তার কণ্ঠে।

একটি গাড়ির দোকানের ব্যবস্থাপক সালেক বলে চলেন মেয়েকে ঘিরে তার স্বপ্ন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাদের ক্লান্তিহীন সংগ্রামের কথা।

“দুটো মেয়ে, দুজনেই লেখাপড়া করে। ছোট চাকরি, সংসার ও পারিবারিক খরচ। তাই অনেক কিছুই পেরে উঠতাম না।”

একদিন স্ত্রী রোকসানা বেগম ও দুই মেয়েকে নিয়ে বেনারশি পল্লীতে যান সালেক। রোকসানা একটি জামদানি শাড়ি পছন্দ করলেও টাকার অভাবে তা কেনা হয়নি।

“তখন মেয়ে বলেন, মা আমি চাকরির প্রথম বেতন দিয়ে তোমাকে এই শাড়িটা কিনে দিবো,” বাষ্পরূদ্ধ কণ্ঠে বলেন সালেক।

২০১১ সালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল থেকে বানিজ্য বিভাগে জিপিএ-৫ নিয়ে এসএসসি পাশ করা তাসনীমের স্বপ্ন ছিল ব্যাংক কর্মকর্তা হওয়ার।

তার বাবা বলেন, “এমবিএ পড়ে মেয়ে আমার হতে চেয়েছিল ব্যাংকার। কিন্তু আমার স্বপ্ন ছিল ম্যাজিস্ট্রেট বানাবো।”

গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীর জঙ্গলপট্টি গ্রাম ও আশপাশের শেরাল, বিল্লুপ, শরিফাবাদ গ্রামে তেমন উচ্চ শিক্ষিত নারী না থাকায় মেয়েকে দিয়ে সুবিধাবঞ্চিত ওই সব মানুষকে যতোটুকু সম্ভব সহায়তা দেয়ার আকাঙ্ক্ষা ছিল তার।

সালেক বলেন, “আমার যে কি দুঃখ তা বলে আপনাকে বুঝাতে পারবো না। আমি শুধু আমার মেয়েকে হারাইনি। ২০১১ সালের ৮ জানুয়ারি আমার বাবা আব্দুল সাত্তার হাওলাদারও সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।”

“কয়েকদিন আগে তাসনীম আমাকে বলেছিল, বাবা আমার ফাইনাল পরীক্ষা শেষ হলে আমি দাদার কবর জেয়ারত করতে যাবে।”

কিন্তু ফাইনাল পরীক্ষা আর তার দেয়া হলো না, ‘হ্যাঁ আমার মেয়ে দাদার কবরের কাছে গেছে। এখন দাদার ডান পাশে সে শুয়ে আছে।”

রোকসানা বেগম বলেন, মৃত্যুর পাঁচ মিনিট আগেও মোবাইলে তার সঙ্গে কথা বলেছিল তাসনীম।

ওই দিন দুপুরে কৈ-মাছ দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দেন জানিয়ে তিনি বলেন, “আমি কিভাবে, কী নিয়ে বাঁচবো?”

“আমার স্বপ্নের আজ জন্মদিন। কই মাতো নাই, মা কোথায় গেল?”

রোকসানা জানান, তাসনীম নামটি পছন্দ ছিল না মেয়ের। তাই মাঝে মাঝেই রাগ করতো।

“বলতো তোমরা আমার কী নাম রেখেছো। কেউ আমাকে ঠিক নামে ডাকতে পারে না,” বলেন তিনি।

কেউ তাসলিমা আবার কেউ কেউ তাসমীনা বলে ডাকত বলেই মেয়েটি খুব রাগ করত।

শুক্রবার বিকালে কলেজের পরীক্ষা শেষে রিকশায় করে দক্ষিণ যাত্রাবাড়ীর বাসায় ফিরছিলেন তাসনীম। খালা রুবিনা আক্তার রুমি ছিলেন তার সঙ্গে। শাপলা চত্বরের কাছে বিআরটিসির একটি দোতলা বাসের ধাক্কায় মারাত্মক আহত তাসনীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার ওসি মো. ফরমান আলী জানান, এ ঘ্টনায় একটি মামলা হয়েছে। চালক গ্রেপ্তার হয়েছেন।