হোটেল-রেস্তোরাঁয় শর্ত ভঙ্গে শাস্তি বাড়ছে
নিবন্ধন শর্ত ভঙ্গে শাস্তির মাত্রা বাড়ানোর প্রস্তাব রেখে ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৩’ এ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
সামরিক শাসন আমলে ১৯৮২ সালে জারি হওয়া একটি অধ্যাদেশ পরিমার্জন, সংশোধন করে এই আইন করা হচ্ছে।
সচিব বলেন, “এ আইনে হোটেল, রেস্তোরাঁ, মোটেল, রেস্ট হাউজ ইত্যাদির সংজ্ঞা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আইনে নিবন্ধন পদ্ধতি নির্দিষ্ট করা হয়েছে এবং আইনের বিধি দিয়ে নিয়ন্ত্রণ বিষয়টি উল্লেখ করা হবে।”
নিবন্ধন শর্ত ভঙ্গে দণ্ডের পরিমাণ বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান আইনে মাত্র অনধিক ৫ হাজার টাকার জরিমানার বিধান রয়েছে। নতুন আইনে ৩ মাসের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার বিধান প্রস্তাব রাখা হয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা দ্বিগুণ হবে।
সংসদে পাসের মাধ্যমে এই আইন কার্যকর হলে হোটেলে পানীয় ও খাবারের রাসায়নিক পরীক্ষার ব্যবস্থাও থাকতে হবে। থ্রি-স্টার বা তার চেয়ে উচ্চ মানের হোটেল করতে হলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে।
জ্বালানি গবেষণায় নতুন আইন
জ্বালানি ও বিদ্যুৎখাতের গবেষণা আরো জোরদার ও সমন্বয়ের করতে ‘বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল আইন-২০১৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ আইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, ব্যবহার ও বিতরণে ইত্যাদি বিষয়ে গবেষণায় একটি গবেষণা প্রতিষ্ঠান হবে।
বর্তমানে বিক্ষিপ্তভাবে এ বিষয়ে গবেষণা হওয়ায় গবেষণা প্রতিষ্ঠান হলে সমন্বিতভাবে করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
