গৃহবধূ হত্যার দায়ে একজনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন
এক গৃহবধূকে হত্যার দায়ে নেত্রকোনায় একজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
নেত্রকোনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ সোমবার আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
এ মামলার আসামি সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের আবুলকে (৪৪) মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।
আর পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের হাসেম (৪৪), শ্রীধরপুর গ্রামের সাইকুল ( ৩৪), হাবুল ( ৩৯), আমজাদ আলী (৫৯) ও ওয়াহেদ আলীকে (৫৪) দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ সাইফুল আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে ২০০৪ সালের ১০ জানুয়ারি রাতে সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের আব্দুল লতিফের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে আসামিরা। এ সময় তারা লতিফের স্ত্রী সুফিয়া আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুফিয়া।
পরদিন আব্দুল লতিফ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৫ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৭ অক্টোবর ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
