তৈমুরের বাড়িতে ফের ‘তল্লাশি’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের বাড়িতে আবারো পুলিশের তল্লাশি চালানোর অভিযোগ উঠছে।
তবে, পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির আট নেতাকর্মীকে আটক করার কথা পুলিশ জানিয়েছে।
বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সহসম্পাদক তৈমুর আলম খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার গভীর রাতে কয়েকদফা তার শহরের মাসদাইরের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে।
রোববার দুপুরে আবারো সাদা পোশাকের পুলিশ পরিচয়ে বাড়িতে তাকে এবং তার ভাই মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও সিটি কর্পোরেশন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের খোঁজ করে।
বাড়ির দারোয়ানকে বিভিন্ন বিষয়ে তারা জিজ্ঞাসাবাদও করে বলে তৈমুর জানান।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এই বাড়িতে সাদা পোশাকের পুলিশ সদস্যরা অভিযান চালায়। ওইদিন দুপুরেও রূপগঞ্জের রূপসী গ্রামের বাড়িতে পুলিশ যায় বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, তৈমুরের বাড়িতে কোনো তল্লাশি অভিযান চালানো হয়নি। তবে কেউ ফৌজদারী অপরাধে জড়িত থাকলে সে যেই হোক তাকে গ্রেপ্তার করে আইনের আওতায়া আনা হবে।
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে আট জনকে আটক করা হয় বলে তিনি জানান।
