ঢাকার সমাবেশ স্থগিত করল হেফাজত
বিশ্ব ইজতেমার প্রস্তুতির কারণ দেখিয়ে ১৫ নভেম্বর শাপলা চত্বরের সমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম, যেখানে গত মে মাসে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল উগ্রপন্থী সংগঠনটি।
রোববার হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী এক বিবৃতিতে বলেন, “বিশ্ব ইজতেমার প্রস্তুতি উপলক্ষ্যে তাবলীগ জামায়াতের ঢাকা বিভাগীয় সমন্বয় সভা এবং পবিত্র আশুরাকে সামনে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত ১৫ নভেম্বর শাপলা চত্বরের মহাসমাবেশ স্থগিত করা হলো।”
মহাসমাবেশের নতুন তারিখ পরে জানিয়ে দেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
কওমি মাদ্রাসা আইন না করা এবং আগের ১৩ দফার সমর্থনে গত ২ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের সমাবেশ থেকে এই মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়েছিল।
ঢাকার কর্মসূচি স্থগিত হলেও দেশের অন্যান্য জেলায় হেফাজতের কর্মসূচি চলবে বলে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী জানান।
এর মধ্যে ১৫ নভেম্বরের পর মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় সমাবেশ, ২২ নভেম্বর নারায়ণগঞ্জে জেলা সমাবেশ এবং ১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রামে ইসলামী মহাসম্মেলন করার কথা রয়েছে সংগঠনটির।
