২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ

বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে রাজশাহী নগরীতে ট্রাক ও কভার্ডভ্যান ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

এ সময় কভার্ডভ্যান চালককে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় তারা।

এছাড়া রোববার সকালে হরতাল সমর্থকরা নগরীতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

মহানগর পুলিশ জানায়, গভীর রাতে নগরীর বাইপাশ সড়কের অভয়ের মোড়ে ছাত্রশিবির কর্মীরা একটি ট্রাক পুড়িয়ে দেয় । একই সময় তারা এসএ পরিবহনের একটি কভার্ডভ্যান ভাংচুর করে চালককে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়।

পরে পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা গিয়ে ট্রাকের আগুন নেভায় এবং কভার্ডভ্যান চালককে উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) শাহ গোলাম মাহমুদ বলেন, শনিবার রাতে নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুইজন ছাত্রশিবির ও চারজন বিএনপিকর্মী।

আগের হরতাল, থানা ও জেলা পরিষদের প্রশাসকের বাড়িতে বোমা হামলার অভিযোগে তাদের আটক করা হয় বলে তিনি জানান।

এদিকে সকাল ৭টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে হরতালের সমর্থনে ১৮ দলের ব্যানারে বিক্ষোভ মিছিল করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি রাজশাহী কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে পুলিশি বেষ্টনীর মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশে মিনু ছাড়াও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও মহানগর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আবু সেলিম বক্তব্য রাখেন।