২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়া ও সাভারে ২৫ কারখানায় ছুটি

মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরি মালিকপক্ষ মেনে না নেয়ায় রোববারও শ্রমিক অসন্তোষে সাভার ও আশুলিয়ায় অন্তত ২৫ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 03:27 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিনের মতো রোববারও ২৫টি কারখানার শ্রমিকরা চলে গেলে কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করে।

আশুলিয়ার জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস, গ্রিনলাইন ক্লোথস, নরসিংহপুর এলাকার ডেকো গ্রুপ, নিশ্চিন্তপুর এলাকার হা-মীম গ্রুপ, সাভারের হেমায়েতপুর এলাকার স্টান্ডার্ড গ্রুপ এবং বিশমাইল-জিরাব সড়কের দুই পাশে অসাউদার্ন ফ্যাশন লিমিটেড, রেডিয়ান্স নিটওয়্যার লিমিটেড, ডিজাইন টেক্স লিমিটেড, টি-ডিজাইন লিমিটেড ও মাসকট গ্রুপসহ ২৫টি কারখানায় ছুটি দিয়ে দেয়া গয়।

শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ন্যূন্যতম মজুরি ৫ হাজার ৩শ’ টাকা মালিকপক্ষ মেনে না নেয়ায় বেশ কয়েক দিন ধরেই শ্রমিক অসন্তোষ চলছে।

এর ধারাবাহিকতায় রোববার সকালেও জিরাব এলাকার সাউদার্ন ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে তারা কারখানা থেকে বেরিয়ে আশপাশের বিভিন্ন কারখানায় ইট-পাটকেল ছুড়তে থাকে।

পরে অন্যান্য কারখানার শ্রমিকরা বেরিয়ে তাদের সাথে যোগ দিলে বিশমাইল-জিরাব সড়কের দুই পাশের ২০টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

একই কারণে জামগড়া এলাকার দুটি, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় একটি করে কারখানাতেও ছুটি হয়ে যায়।

শিল্প পুলিশ-১ সাভার অঞ্চলের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভারের হেমায়েতপুর এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা সকাল ৮টার দিকে কারখানায় এসে একই কারণে বিক্ষোভ শুরু করে। পরে কর্তৃপক্ষ এক দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে।

ছুটি ঘোষণার পর শ্রমিকরা যে যার মতো চলে যায় বলে জানান তিনি।

কোনো কারখানা কর্তৃপক্ষই এ প্রসঙ্গে কথা বলতে রাজি হয়নি।