২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকে আগুন, এএসপির অফিসে বোমা

বিএনপি-জামায়াত জোটের ৮৪ ঘন্টা হরতাল শুরুর আগেই সিরাজগঞ্জে মহাসড়কে একটি ট্রাক পোড়ানো হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 10:46 AM

Updated : 23 Aug 2022, 07:15 PM

এএসপির কার্যালয়সহ শহরের কয়েকটি স্থানে ঘটেছে বোমাবাজির ঘটনা।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ওসি আলী ফরিদ আহম্মেদ জানান, শনিবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় নকলা-হাটিকুমরুল মহাসড়কের সলঙ্গার হোড়গাতি এলাকায় ধানের বস্তা বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে ট্রাকের কিছু অংশ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এ ঘটনায়  মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। রাত ১২টার পর ট্রাকটি সরিয়ে নেয়া হয়।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, রোববার সকালে হরতালের সমর্থনে কোথাও বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেনি।  

তবে শনিবার রাত ৮টার দিকে শহরের পুরাতন জেলখানা ঘাট এলাকায় সদর সার্কেল এএসপি ফোরকান শিকদারের অফিস লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি অফিসের গ্যারেজের ওপর পড়লে আগুন ধরে যায়। দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে শহরের চামড়াপট্টিসহ কয়েকটি স্থানে শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত বেশ কয়েক দফা বোমাবাজি করে হরতাল সমর্থকরা। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

রোববার সকালের দিকে শহরের বড়বাজার এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে হরতালকারীরা। পরে পুলিশ গেলে তারা সরে যায়।  

সদর থানার ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে আছেন।