হরতালের শুরুতে বাসে আগুন, বোমাবাজি
বিরোধী দলের টানা ৮৪ ঘণ্টার হরতালের শুরুতেই রাজধানীর মিরপুর এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়েছে, বিভিন্ন স্থানে ঘটেছে বিক্ষিপ্ত বোমাবাজি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং হরতাল ডাকার পর শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এই হরতাল।
অন্যান্য হরতালের মতো রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে সতর্ক অবস্থান নিয়ে আছে পুলিশ ও র্যাব।
হরতালের মধ্যে রাজধানীর সড়কগুলোতে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম।
সকালে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
হরতাল শুরুর আগেই ভোর ৫টার দিকে মিরপুর মাজার রোডে জুবায়ের পরিবহনের একটি বাসে আগুন দেয় হরতালকারীরা।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন যুবক রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়।
বাসে আগুন দেয়ার সময় দুটি ককটেল ফাটানো হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
লালবাগের ওসি নুরুল মত্তাকিন জানান, সকাল পৌনে ৭টার দিকে আজিমপুর সাদরা মসজিদ এলকায় জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় শিবির কর্মীরা দুটি হাতবোমা ফাটায়। পুলিশ ঘটনাস্থল থেকে আরো দুটি হাতবোমা উদ্ধার করে বলে ওসি জানান।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করলেও ওসি তাদের পরিচয় জানাতে পারেননি।
সকাল সাড়ে ৬টার দিকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতলের সামনে স্বেচ্ছাসেবক দলও হরতালের সমর্থনে মিছিল বের করে। সেখানেও দুটি ককটেল ফাটানো হয়। বোমাবাজির খবর পাওয়া গেছে হাতিরঝিল এলাকাতেও।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুই সপ্তাহে তিন দিন করে ছয় দিন হরতালের পর শুক্রবার বিকালে ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক শেষে আরো ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “নির্দলীয় সরকারের দাবিতে ইতোমধ্যে আমরা দুই দফায় হরতাল করেছি। কিন্তু সরকার তাতে কোনো সাড়া দেয়নি। সেজন্য বাধ্য হয়ে আমরা আবার কঠোর কর্মসূচি দিয়েছি।”
জোটের ওই বৈঠকের পর বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ও বাসা ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
রাতে কারওয়ানবাজার থেকে গ্রেপ্তার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া। আর মধ্যরাতে গুলশানে গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা আবদুল আওয়াল মিন্টু এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাস।
শনিবার তাদের আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করলে বিচারক বৃহস্পতিবার শুনানির দিন রেখে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শীর্ষ নেতারা গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার রাতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নেতাদের মুক্তি না দিলে হরতাল বাড়বে। পরদিন তিনি জানান, তাদের হরতাল বুধবারও চলবে। অর্থাৎ ৭২ ঘণ্টা নয়, ৮৪ ঘণ্টা পর শেষ হবে হরতাল।
