সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ
পাবনার সাঁথিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দেশের কয়েকটি জেলায় মানববন্ধন করেছে স্থানীয়রা।
শনিবার ফরিদপুর, কিশোরগঞ্জ, মাগুরা ও জামালপুরে এ কর্মসূচি পালন করা হয়।
গত শনিবার পাবনার সাঁথিয়ার বনগ্রামে একটি হিন্দুপাড়া ও বনগ্রাম বাজারে হামলা চালিয়ে বাড়িঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ফরিদপুর: বিকালে ফরিদপুর শহরে যৌথভাবে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে জেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ।
ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
কিশোরগঞ্জ: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে দুপুরে জেলা শহরের কালীবাড়ি এলাকায় মানববন্ধন করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মাগুরা: সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদ।
শনিবার বেলা ১২টায় জেলা জজ আদালতের সামনে থেকে বের হওয়া প্রতিবাদ মিছিলটি শহর ঘুরে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
জামালপুর: হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকালে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
একই দাবিতে দুপুরে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্ট।
