২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

ফেনীর ফুলগাজী উপজেলায় বিএনপির মিছিল থেকে হাতবোমা নিক্ষেপের পর আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 09:49 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) অন্তত সাতজন আহত হয়েছেন।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ মোস্তফা জানান, সন্ধ্যা ৭টার দিকে হরতালের সমর্থনে ফুলগাজী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মুন্সীর হাটের ব্র্যাক ব্যাংকের সামনে থেকে একটি মিছির বের করে বাজারের দিকে যায়।

এ সময় মিছিল থেকে বাজারের কয়েকটি দোকানে ঢিল ছুড়লে সেখানে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে।

দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে পুলিশ আট রাউন্ড শট গানের গুলি ছোড়ে।

এ সময় হরতাল সমর্থকরাও পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

হাতবোমার স্প্লিন্টারের আঘাতে ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র বড়ুয়া আহত হন বলে জানান ওসি মোস্তফা।

ফুলগাজী উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার জানান, সংঘর্ষে বিএনপি নেতা বিটু মেম্বার, ভেন্ডু মেম্বার, উপজেলা ছাত্রদল সভাপতি মো. কামাল, যুবদলকর্মী নাছির আলমসহ ছয় জন আহত হন।

এদের মধ্যে বিটু মেম্বার, ভেন্ডু মেম্বারকে মুন্সীরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।