যশোরে বিএনপি-জামায়াত নেতাদের বাড়িতে অভিযান
যশোরে বিএনপির ও জামায়াতের পাঁচ নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। একইদিন বিএনপি জামায়াতের ১২ কর্মীকে আটক করা হয়েছে।
শনিবার বেলা ১২টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের যশোরের বাড়ির সামনে পুলিশ দেখা গেলেও তারা বাড়িতে ঢোকেনি।
যশোর কোতোয়ালি থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি ও জামায়াতে পাঁচ নেতার বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে পাওয়া যায়নি।
এদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কোতোয়ালি বিএনপির সভাপতি নুরুন্নবী, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও জেলা বিএনপির প্রচার সম্পাদক পৌর কাউন্সিলর আনিছুর রহমান মুকুল।
জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নুরুন্নবীর বাড়িতেও অভিযান চালানো হয়।
আটক কর্মীদের মধ্যে রয়েছেন- আশ্রম রোড এলাকার আব্দুল খালেক, আজিবর, সদর উপজেলার আড়পাড়া গ্রামের ইউনুস, গোলাম রসুল, বকচর এলাকার শাহরিয়ার, সাকিল, কাজীপাড়ার রকি, শংকরপুরের মহিদুল, রিমন ও জাহাঙ্গীর, চৌগাছার আবুল কাশেম ও ইউনুস।
হরতালকে সামনে রেখে নাসকতা ঠেকাতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানান কোতোয়ালি থানার ওসি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, সরকার গণতান্ত্রিক আন্দোলন নস্যাৎ করতে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে আওয়ামী লীগ। পুলিশ কোনো কারণ ছাড়াই বিএনপি নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি বিকেল সাড়ে ৪টার দিকে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করেছে। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ ও নগর বিএনপির সভাপতি পৌর মেয়র মারুফুল ইসলাম।
