২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ঘিরে ৯ গাড়িতে আগুন

হরতালের আগের দিন রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, খিলগাও, পান্থপথ মোড়, রাজারবাগসহ বিভিন্ন এলাকায় অন্তত নয়টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 07:52 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

পুরনো খবর:

মিরপুরে হাতবোমায় চালক আহত
আরেকটি দোতলা বাসে আগুন

অগ্নিনির্বাবক নিয়ন্ত্রক কক্ষ ও পুলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ি এলাকায় কুতুবখালিতে নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

পরে যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম জানান, ফ্লাইওভারের ওঠার মুখে জ্যামের মধ্যেই বাসটিতে আগুন দেয়া হয়।

আগুন লাগানোর পর যাত্রীরা নিরাপদে নেমে আসতে পেরেছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এতে কেউ আহত হয়নি। 

পৌনে ১২টার দিকে মহাখালীতে তিতুমীর কলেজের সামনে বিআরটিসির আরেকটি দ্বিতল বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

দুপুরে তিতুমীর কলেজের শিক্ষার্থী বহনকারী বিআরটিসির বাসটিতে আগুন দেয়ার সঙ্গে জড়িত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার বিরোধী দল রোববার থেকে টনা তিন দিন হরতালে ঘোষণা দেয়ার পর মওদুদ আহমদসহ বিএনপির পাঁচ নেতাকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে হরতাল বুধবার পর্যন্ত বাড়িয়েছে বিএনপি।

নেতাদের আটকের পর শুক্রবার রাতেই রাজধানীর কয়েকটি স্থানে গাড়ি পোড়ানো হয়।

এদিকে শনিবার বেলা সোয়া ১২টায় রাজারবাগ পুলিশ লাইনের সামনে একটি সিএনজিতে কয়েক যুবক আগুন ধরিয়ে দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাকিল নামের এক পথচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

পৌনে ২টায় পান্থপথে আগুন দেয়া হয় একটি প্রাইভেটকারে।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রাইভেটকার চালক মো. হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি সাদা প্রাইভেটকার পান্থপথ মোড়ে দাঁড়িয়ে ছিল। কয়েকজন কিশোর মুহূর্তের মধ্যে তাতে আগুন ধরিয়ে দৌড় দেয়।

দুপুর আড়াইটার দিকে খিলগাঁও এলাকায় একটি মাইক্রোবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এছাড়া দুপুরের পর ফকিরাপুল এবং শান্তিনগরে দুটি গাড়িতে আগুন দেয়া হয়। শান্তিনগরের গাড়িটি এক পুলিশ কর্মকর্তার। আগুন দেয়ার সময় তিনি গাড়িতে ছিলেন না।

সর্বশেষ সন্ধ্যা ৬টার দিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারের সামনে নগর পরিবহনের একটি যাত্রিবাহী বাস ও সাড়ে ৬টায় বঙ্গবাজার এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।

অগ্নিনির্বাপণ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর গোলাম মোস্তফা এ দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।