২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ

সব ধরনের অপ্রীতিকর ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 07:59 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

পরপর দুই সপ্তাহে টানা তিনদিন করে দুদফায় ১২০ ঘণ্টা সহিংস হরতালের পর শুক্রবার পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বরিশাল সফর করেন।

ওই সময় তার সঙ্গে ছিলেন র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান।

শুক্রবার হেলিকপ্টারযোগে  বরিশাল এসে জেলা পুলিশ লাইনসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তারা মতবিনিময় করেন।

সভায় আইজিপি সংশ্লিষ্টদের হুশিয়ার করে বলেন, সকলকে একযোগে কাজ করে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে দায়িত্ব পালনে কারো ন্যূনতম গাফিলতি কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না।

আইনশৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অপরাধ বিষয়ক পৃথক এক সভায়ও মিলিত হন আইজিপি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, রেঞ্জ ডিআইজি আব্দুর রহিম, র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফরিদুল আলমসহ রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ডেন্ট, আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, রেঞ্জ পুলিশের সকল পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশের সকল উপ-কমিশনার, রেঞ্জের সবগুলো থানার ওসি এবং সকল ইউনিটের পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে কোনো সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

পরে পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।