২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের নির্দেশনায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 07:03 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শুক্রবার বিকালে উপাচার্য ভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন সাধারণ শিক্ষক ফোরামের সম্পাদক কামরুল আহসান।

তিনি সাংবাদিকেদের বলেন, “আচার্যের নির্দেশ মোতাবেক কর্মসূচি প্রত্যাহার করছি।”

তবে রোববার ১২টার মধ্যে আচার্যের নির্দেশনা বাস্তবায়নে উপাচার্য পদক্ষেপ না নিলে তারা আবার সোচ্চার হবেন বলেও জানান তিনি।

উপাচার্যের পদত্যাগের দাবিতে রোববার রাত থেকে উপাচার্য ভবনের বারান্দায় অবস্থান করছিলেন একদল শিক্ষক।

সঙ্কট নিরসনে বৃহস্পতিবার সিনেটের মাধ্যমে উপাচার্য প্যানেল তৈরি এবং শিক্ষকদের নিঃশর্ত আন্দোলন প্রত্যাহারসহ কয়েকটি নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সঙ্কট নিরসনে তাদের উদ্যোগ, সংসদীয় কমিটির ভূমিকাসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরার পর আচার্য এক নির্দেশনা দেন।

নির্দেশনায় বলা হয়- উপাচার্য অবিলম্বে সিনেট নির্বাচনের ব্যবস্থা নেবেন এবং সিনেটের মাধ্যমে উপাচার্য নিয়োগের প্যানেল তৈরি ও শিক্ষকদের বিরুদ্ধে করা রিট মামলা প্রত্যাহারের ব্যবস্থা করবেন।

শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষক ফোরাম ও আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারে নির্দেশনা দেন আচার্য।

এদিকে ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান প্রত্যাহার না করলে ২৪ টুকরা করার হুমকি দিয়ে নিজের মোবাইলে (০১৭৬৮০৪৮৭৫২) মেসেজ পেয়েছেন বলে জানান জাবি শিক্ষক সমিতির সভাপতি এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের প্রধান সমন্বয়ক অধ্যাপক অজিত কুমার মজুমদার।

এর আগে বৃহস্পতিবার রাতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছেন বলে থানায় অভিযোগ করেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

তিনি সাংবাদিকদের জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে চলে না যাওয়ায় তাকে ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেয়া হয়।

এজন্য আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছাত্রলীগের একদল কর্মীর হাতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ নিহত হবার পর গত বছর শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শরীফ এনামুল কবির উপাচার্য পদ ছাড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেনকে দায়িত্ব দেয় সরকার। পরে তিনি নির্বাচিতও হন।

দায়িত্ব নেয়ার পর থেকে কয়েকটি সংগঠন তার পদত্যাগ দাবিতে আন্দোলন করে। এ বছরের মাঝামাঝি আন্দোলনের নামে প্রশাসনিক দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি না করতে শিক্ষক সমিতিকে নির্দেশ দেয় আদালত।

এর পর সাধারণ শিক্ষক ফোরাম নামের একটি সংগঠন ওই আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে কর্মসূচি চালিয়ে যায়।